সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জব্বর খবর। এবার সানি দেওলের সঙ্গে একফ্রেমে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সুখবর শেয়ার করে বরুণ লিখলেন, আমার সবচেয়ে প্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছি। দারুণ ব্যাপার।
২২ বছর পর বড়পর্দায় ফিরে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে তারা সিং (সানি দেওল)। চারশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ‘গদর ২’। তারপর থেকেই প্ল্যানিং ছিল 'বর্ডার ২' ছবি তৈরি করার। সেই মতোই এবার প্রস্তুতি শুরু।
‘বর্ডার’ সিনেমায় মেজর কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সানি। সে বছরের সবেচেয় সফল ছবি ছিল জে পি দত্তর এই ওয়ার মুভি। ছবির গান এখনও জনপ্রিয়। স্বাধীনতা দিবসে এই ছবির কথা স্মরণ করেন অনুরাগীরা। রটনা, গত দু-তিন বছর ধরেই ‘বর্ডার ২’ নিয়ে সানি দেওল, পরিচালক জে পি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তর মধ্যে আলোচনা চলছিল। ‘গদর ২’র তুমুল সাফল্যের পর এই প্রজেক্টের কাজে গতি আসে।
সূত্রের খবর মানলে, এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটের কাহিনি সাজানো হবে। আর তাতে অবশ্যই সানি দেওল (Sunny Deol) মুখ্য চরিত্রে থাকবেন।
