shono
Advertisement
Ramayana

ভারতের আগে বিদেশে 'রামায়ণ' রিলিজ, 'এত টাকার লোভ?', রণবীরের ছবি মুক্তি নিয়ে বিতর্ক তুঙ্গে

বিদেশে মুক্তির দু'দিন বাদে স্বদেশে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে চার হাজার কোটির মহাকাব্য। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন ভারতীয় সিনেপ্রেমীদের একাংশ। প্রশ্ন উঠেছে, কেন বিদেশের মাটিতে প্রথম মুক্তি পাবে ভারতীয় মহাকাব্য?
Published By: Sandipta BhanjaPosted: 05:06 PM Aug 08, 2026Updated: 05:06 PM Aug 08, 2026

গত এপ্রিল মাসে ভারতকে ব্রাত্য রেখে মার্কিন মুলুকে 'রামায়ণ'-এর ঝলক উন্মোচন করায় বেজায় বিতর্কে জড়িয়েছিল টিম 'রামায়ণ'। এবার ভারতে 'রামায়ণ'-এর রিলিজ পিছনোয় ফের বিতর্ক! প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, বিদেশে মুক্তির দু'দিন বাদে স্বদেশে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে চার হাজার কোটির মহাকাব্য। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন ভারতীয় সিনেপ্রেমীদের একাংশ। প্রশ্ন উঠেছে, কেন বিদেশের মাটিতে প্রথম মুক্তি পাবে ভারতীয় মহাকাব্য?

Advertisement

"ভারতে দীপাবলির দিন মুক্তি পাবে রামায়ণ। তার আগে ৬ নভেম্বর আমরা বিদেশে সিনেমাটি রিলিজ করছি। কারণ..." 

আসলে ঘোষণার পর থেকেই চর্চায় রণবীর কাপুরের 'রামায়ণ'। বিশেষ করে ঝলক উন্মচনের পর দর্শকমহলে উত্তেজনার পারদ আরও বেড়েছে বললেও অত্যুক্তি হয় না। যদিও 'রামায়ণ'-এর মেকিং কিংবা রিসার্চ নিয়ে অহরহ সমালোচনার শিকার হতে হচ্ছে পরিচালক নীতেশ তিওয়ারিকে, তবে এহেন গগনচুম্বী বাজেটের ছবি যে ভারতীয় সিনেদুনিয়ার ইতিহাসে এক অন্য মাইলস্টোন গড়ার পথে, তা প্রচার কৌশলীর বহরেই স্পষ্ট। গোড়াতেই জানা গিয়েছিল যে, দুই পর্বে তৈরি এই মহাকাব্য মুক্তি পাবে দু'ভাগে। আর উভয় ক্ষেত্রেই রিলিজের দিন হিসেবে দীপাবলির শুভ তিথিনক্ষত্রকে বেছে নেওয়া হয়েছে। দিন দুয়েক আগেই ৬ নভেম্বর 'রামায়ণ' রিলিজের কথা ঘোষণা করেন নির্মাতারা। কিন্তু শনিবার মুম্বইয়ের দাদাসাহেব ফালকে ফিল্ম স্টুডিওতে 'প্রাইম ফোকাস স্টুডিও ফেজ ১'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রযোজক নমিত জানান, "ভারতে দীপাবলির দিন মুক্তি পাবে রামায়ণ। lতার আগে ৬ নভেম্বর আমরা বিদেশে সিনেমাটি রিলিজ করছি। কারণ আন্তর্জাতিক সিনে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে শুক্রবারকেই গুরুত্ব দেওয়া হয়, আর ৬ নভেম্বর শুক্রবারই পড়ছে। কিন্তু ভারতে ৮ নভেম্বর, রবিবার দীপাবলির দিন মুক্তি পাবে 'রামায়ণ'।" প্রযোজকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই মাথা চাড়া দেয় বিতর্ক।

 ভারতে ৮ নভেম্বর, রবিবার দীপাবলির দিন মুক্তি পাবে 'রামায়ণ'

'ভারতীয় মহাকাব্য কেন বিদেশে আগে প্রদর্শিত হবে?' কেউ বা আবার রণবীর-নীতেশের বিরুদ্ধে 'ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে'র অভিযোগ তুলেছেন।

সমালোচকদের দাবি, 'ভারতীয় মহাকাব্য কেন বিদেশে আগে প্রদর্শিত হবে?' কেউ বা আবার রণবীর-নীতেশের বিরুদ্ধে 'ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে'র অভিযোগ তুলেছেন। কারও বা প্রশ্ন, 'রামায়ণ-এর টিজার লঞ্চের জন্য যেমন ভারতকে ব্রাত্য রেখে আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, এবার রিলিজের ক্ষেত্রেও তাই করা হল।' কারও বা মন্তব্য, 'বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে বিদেশে আগে রামায়ণ রিলিজ করেছেন রণবীর কাপুররা!' এহেন নানা বাক্যবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। আসলে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি এইসময়ে ব্যায়ামাগারে নিয়ম করে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়েও যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। আর সেই প্রেক্ষিতেই রণবীরকে ‘রাম’ অবতারে দেখার জন্য প্রায় চাতক পাখির দশা হয়েছে দর্শক, অনুরাগীদের। তাই ভারতের আগে বিদেশে রিলিজের জন্য আপাতত বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে টিম ‘রামায়ণ’কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement