গত বিশ্বকাপেই তারা বুঝিয়ে দিয়েছিল, স্রেফ খেলতে নামার জন্য মাঠে আসেনি। তাদের লক্ষ্য ম্যাচ জেতা। ধারেভারে এগিয়ে থাকা দলগুলিকে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকেও দিয়েছিল। সেই আফগানিস্তান (Afghanistan Cricket Team) আবারও জায়গা করে নিল ওয়ানডে বিশ্বকাপে (ICC ODI World Cup 2027)। আগামী বছর আফ্রিকা মহাদেশের বুকে খেতাব জয়ের লক্ষ্যে আবারও নামবেন রশিদ খানরা। সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আফগান ব্রিগেড।
বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছেন রহমত শাহরা। সোমবার আইরিশদের তিন উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান। এই জয়ের ফলে যোগ্যতা অর্জন পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। এদিন জয়ের কারিগর হয়ে উঠলেন রশিদ। বল হাতে জাদু দেখালেন, ৪৪ রানে তুলে নিলেন বিপক্ষের তিন উইকেট। তারপর রান তাড়া করতে নেমেও ব্যাট করলেন একেবারে নির্ভরযোগ্য ফিনিশারের মতো। ৩৭ রান করে অপরাজিত থাকলেন। পেয়ে গেলেন ম্যাচ সেরার পুরস্কারও।
বর্তমানে বিশ্বর্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের জোরেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। দলের পারফরম্যান্সে খুশি আফগান অধিনায়ক রহমতও। যদিও চলতি বছরের গোড়ার দিকে টি-২০ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে বিদায় নিতে হয় তাদের। তারপর থেকে প্রশ্ন উঠেছিল আফগান ক্রিকেট নিয়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপে যেমন দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল আফগানিস্তানকে, তেমনটা আদৌ আর হবে কি? সংশয় ছিলই।
উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার ওয়ানডে বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। গতবার তারা পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল। অস্ট্রেলিয়াকেও প্রায় হারিয়ে দিত আফগান ব্রিগেড, সেসময়ে ত্রাতা হয়ে ওঠেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপর ২০২৪ টি-২০ বিশ্বকাপে একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় আফগানরা। আগামী বিশ্বকাপেও সেই আফগান রূপকথা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ থেকে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। ১৪টি দেশ খেলবে বিশ্বকাপে।
