shono
Advertisement
Asia Cup

সমর্থকদের চাপ, ভারত-পাক ম্যাচে 'অদৃশ্য বয়কটে'র পথে বিসিসিআই কর্তারাও

সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে চাইছে বিসিসিআই।
Published By: Subhajit MandalPosted: 07:20 PM Sep 13, 2025Updated: 07:20 PM Sep 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। অথচ এই ম্যাচ ঘিরে যতটা না ক্রিকেটীয় আলোচনা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে অক্রিকেটীয় বিষয় নিয়ে। হবে নাই বা কেন, পহেলগাঁও হামলার পর গোটা দেশে পাকিস্তান বিরোধী যে আবেগ তৈরি হচ্ছে, সেটা পুরোপুরি উপেক্ষা করে পাক দলের বিরুদ্ধে খেলতে দল পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। স্বাভাবিকভাবেই বিতর্কে ভারতীয় বোর্ড। সেই বিতর্কে মুখ বাঁচাতে পাক ম্যাচে 'অদৃশ্য বয়কটে'র কথা ভাবছে বিসিসিআই।

Advertisement

কী এই অদৃশ্য বয়কট? ভারতীয় দল কি খেলতে নামবে না? সূত্রের খবর, তেমন কিছুই নয়। সূর্যকুমার যাদবরা রবিবার যথাসময়েই খেলতে নামবেন। তবে তাঁদের খেলতে হবে অনাথের মতো। ভারতীয় বোর্ডের কোনও কর্তা রবিবার দুবাইয়ে উপস্থিত থাকবেন না। শোনা যাচ্ছে, রবিবারের ম্যাচ দেখার জন্য এখনও বোর্ডের কোনও শীর্ষ কর্তা দুবাই যাননি। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মহারণে বিসিসিআইয়ের একাধিক কর্তা হাজির ছিলেন। এবার কেউ থাকবেন না। অন্তত সর্বভারতীয় সংবাদমাধ্যম 'দৈনিক জাগরণ'-এর তেমনটাই দাবি।

নাম জানাতে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা 'দৈনিক জাগরণ'কে জানিয়েছেন, "দেশজুড়ে যেভাবে ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি উঠছে, এই পরিস্থিতিতে বোর্ড কর্তারা ওই ম্যাচে উপস্থিত থাকলে আমাদের ভুল বোঝা হবে।" তাছাড়া বিসিসিআই কর্তারা রবিবার মাঠে হাজির না থেকে সন্ত্রাসবিরোধী অবস্থানও স্পষ্ট করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হল সন্ত্রাস বিরোধী অবস্থানই যখন নেওয়ার ছিল, তখন পাকিস্তানের বিরুদ্ধে খেলায় কেন আপত্তি জানাল না বিসিসিআই? এই 'অদৃশ্য বয়কট' পুরোটাই লোকদেখানো নয় তো।

এখানে বলে রাখা দরকার, বিসিসিআইয়ের অন্য কর্তারা দুবাইয়ে রবিবার থাকবেন না ঠিকই। কিন্তু বোর্ডের বর্তমানে যিনি কার্যকরী সভাপতি সেই রাজীব শুক্লা রবিবার মাঠে থাকবেন। অবশ্য বিসিসিআই কর্তা হিসাবে নন, রাজীব থাকবেন এসিসির এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবাসরীয় সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ।
  • হেলগাঁও হামলার পর গোটা দেশে পাকিস্তান বিরোধী যে আবেগ তৈরি হচ্ছে, সেটা পুরোপুরি উপেক্ষা করে পাক দলের বিরুদ্ধে খেলতে দল পাঠিয়ে দিয়েছে বিসিসিআই।
  • বিতর্কে মুখ বাঁচাতে পাক ম্যাচে অদৃশ্য বয়কটের কথা ভাবছে বিসিসিআই।
Advertisement