বাংলা ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসাবে দেখা হয় তাঁকে। একটা সময় এটাও বলাবলি চলত, বাংলা থেকে পরবর্তী ইন্ডিয়া প্রসপেক্ট হলেন অভিষেক পোড়েল (Abishek Porel)। সেই ক্রিকেটারকে গ্রেপ্তার (Arrest) করল পুলিশ। অভিষেকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে উঠেছে। তাঁকে সোমবার গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ। প্রশ্ন হল, এবার অভিষেকের ভবিষ্যৎ কী?
ডাক্তারি পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগরা থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। একসঙ্গে বিদেশেও গিয়েছেন। বছর দেড়েক আগে সম্পর্কের অবনতি হয়। পরবর্তীকালে ফের সমস্যা শুরু হলে ওই তরুণী মগরা থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায়। গ্রেপ্তারি এড়াচ্ছিলেন তিনি। ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট ওই ক্রিকেটারকে গ্রেপ্তার করতে নির্দেশ দেয়। ধৃত অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার পেশ করা হলে অভিষেককে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ ক্রিকেটমহলে। অভিষেকের গ্রেপ্তারির খবর শুনে অনেকে হতবাক হয়ে যান। প্রচণ্ড প্রতিভাবান ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের হয়ে বেশ কয়েকববছর আইপিএল খেলছেন। এই ঘটনার পর অভিষেকের ক্রিকেট কেরিয়ার প্রশ্নের মুখে পড়বে, সেটা বলে দেওয়াই যায়। বেশ কয়েকটা প্রশ্ন ঘোরাফেরা করছে। মাস কয়েকের মধ্যেই ঘরোয়া ক্রিকেট শুরু হবে। বাংলার হয়ে কি তাহলে অভিষেককে খেলতে দেখা যাবে? সিএবি কী অবস্থান নেবে? একইসঙ্গে বঙ্গ ক্রিকেটারের আইপিএল ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে গিয়েছে।
যা শোনা যাচ্ছে, তাতে অভিষেক নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না সিএবি। বরং অপেক্ষা করা হবে। যদি অভিষেক দোষী প্রমাণিত হন, তাহলে এরকম পদক্ষেপ গ্রহণ করা হবে। না হলে অন্যরকম। একইরকম স্টান্স নিতে দিল্লি ক্যাপিটালসও। সামনের আইপিএলের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালসও। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নেওয়া হবে। যার জন্য বেঙ্গালুরুতে বেশ কয়েক দিনের ট্রায়াল হয়েছে। আর দুটো ট্রায়াল হবে বলে খবর।
যদিও অভিষেকের সঙ্গে চুক্তি রয়েছে দিল্লি ক্যাপিটালসের। গত বছর তাঁকে রিটেইন করা হয়েছিল। সেই হিসেব দিল্লিতেই খেলার কথা অভিষেকের। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, এরকম ঘটনার পর আদৌ কি দিল্লি আর তাঁকে রাখতে রাজি হবে? তবে যা শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট হয়তো এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। বরং আরও কিছুদিন অপেক্ষা করা হবে। অভিষেক যদি সত্যিই দোষী প্রমাণিত হন, তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে পারে দিল্লি।
