shono
Advertisement
Gautam Gambhir

জেতা টেস্ট ড্র করেও গিলদের লড়াকু মানসিকতায় মুগ্ধ গম্ভীর, দিনুশার 'প্রতিরোধ' নিয়ে কী বললেন?

সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের অঙ্ক কঠিন হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার।
Published By: Arpan DasPosted: 05:56 PM Aug 28, 2026Updated: 05:56 PM Aug 28, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের। শুভমান গিলদের 'লঙ্কাজয়' একাই আটকে দিয়েছেন সোনাল দিনুশা। সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের অঙ্ক কঠিন হয়ে গিয়েছে। অবশেষে শ্রীলঙ্কা সফর নিয়ে মুখ খুললেন ভারতের কোচ গৌতম গম্ভীর। একদিকে তিনি যেমন দিনুশার প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে দলের জন্যও বিশেষ বার্তা দিয়ে রাখলেন।

Advertisement

প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়ের দোরগোড়ায় চলে এসেছিলেন শুভমানরা। দলের রান ৫০০ পেরতেই ফলো অন করান শ্রীলঙ্কাকে। কিন্তু সোনাল দিনুশার দুরন্ত শতরানে দ্বিতীয় ইনিংসে একেবারে দুর্ভেদ্য হয়ে ওঠে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে টেস্ট বাঁচিয়ে শ্রীলঙ্কাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন তিনি। টেলএন্ডারদের নিয়ে যে লড়াই করলেন, তাতেই নিশ্চিত জয়ের দরজা থেকে ফিরে আসতে হয় ভারতকে।

যদিও গম্ভীর ভারতীয় দলের কোনও 'ভুল' দেখছেন না। বরং গিলদের লড়াকু মানসিকতার প্রশংসা করছেন। সোশাল মিডিয়ায় 'গুরু' গম্ভীর লিখেছেন, 'টেস্ট ক্রিকেট মানে চারিত্রিক কাঠিন্য, ধৈর্য ও মানসিক শক্তির লড়াই। যেটা আমাদের দল দেখাতে পেরেছে।' তারপরই দিনুশাকে নিয়ে লিখেছেন, 'সোনাল দিনুশার অসামান্য পারফরম্যান্সের জন্য বিশেষ প্রশংসা প্রাপ্য।'

দিনুশার সত্যিই প্রশংসা প্রাপ্য। কিন্তু প্রশ্ন উঠছে শুভমান গিলের ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়ে। আধুনিক টেস্ট ক্রিকেটে অধিনায়কেরা সাধারণত ফলো-অন এড়িয়ে চলেন। চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে চান না কেউই। শুভমান সেই প্রচলিত পথের বাইরে গিয়ে শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে পাঠিয়েছিলেন। তাছাড়া মহম্মদ সিরাজ, সারাংশ জৈনের বোলিং নিয়েও কথা উঠছে। টেস্ট ফাইনালের স্বপ্নও কার্যত শেষ। তাঁদের 'ব্যর্থতা'র মধ্যে গম্ভীর কি 'কাঠিন্য' দেখেছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement