shono
Advertisement
Kuldeep Yadav

কুলদীপের 'রোগ' ধরে ফেলেছেন ভারতের কোচ, ব্যর্থ হয়েও পরের টেস্টে খেলবেন?

শ্রীলঙ্কায় প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার।
Published By: Arpan DasPosted: 04:42 PM Aug 21, 2026Updated: 04:42 PM Aug 21, 2026

গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে সাফল্যের মধ্যেও চিন্তা কুলদীপ যাদবের ফর্ম। দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার। এমনকী দ্বিতীয় টেস্টে তাঁকে বাদ দেওয়ার জল্পনাও থাকছে। এর মধ্যে কুলদীপকে নিয়ে মুখ খুললেন ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।

Advertisement

শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি কুলদীপ যাদব। দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভার বল করে ১০৩ রান দিয়েছেন। পেয়েছেন মাত্র একটি উইকেট। ওভারপ্রতি দিয়েছেন চার রানেরও বেশি। অন্যদিকে, মানব সুথার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট। রবীন্দ্র জাডেজার ঝুলিতে এসেছে চার উইকেট। এই পরিস্থিতিতে কলম্বোয় দ্বিতীয় টেস্টে কুলদীপকে বসিয়ে দিতে পারে ভারত। তাঁর জায়গায় অভিষেক হতে পারে মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনের।

তবে বাহুতুলে বলছেন, "কুলদীপ খুব ভালো বল করেছে। আসলে গলের স্টেডিয়ামে ম্যাচের পরিস্থিতি এরকম ছিল যে, ওকে ভিন্ন ভূমিকা পালন করতে হয়েছিল। আমার কাছে, কুলদীপ ম্যাচ জেতানো ক্রিকেটার। আমাদের পরিকল্পনায় ও আছে। গলে বল নরম হয়ে যাওয়ার পর সব স্পিনারই সমস্যা পড়েছে। কিন্তু 'ফিঙ্গার স্পিনার'দের জন্য কাজটা সহজ হয়ে যায়। তবে নরম বলে একজন লেগ স্পিনারের কাজ কঠিন হয়। বলের সিমের ব্যবহার করা যায় না।" উল্লেখ্য, কুলদীপ বাঁহাতি 'রিস্ট স্পিনার'। যিনি 'চায়নাম্যান স্পিনার' নামেও পরিচিত।

বাহুতুলে জানিয়ে দিয়েছেন, "এক ম্যাচ দিয়ে বিচার করা যাবে না, কুলদীপ কীভাবে বল করছে বা কীভাবে খেলছে। ও চেষ্টা করছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার।" ২৩ আগস্ট থেকে কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। কুলদীপ ছাড়াও সুথার এবং জাদেজা দু’জনেই বাঁহাতি স্পিনার। সারাংশ ডানহাতে অফস্পিন করেন। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে একাধিক ডানহাতি ব্যাটার থাকায় তাঁর অফস্পিন কার্যকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement