shono
Advertisement
India vs Afghanistan test

প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, 'দুর্বল' আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত

যেমনটা প্রত্যাশিত ছিল মুলানপুর টেস্টের প্রথম দিন তেমনটাই হল। দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া।
Published By: Subhajit MandalPosted: 05:19 PM Jun 06, 2026Updated: 05:33 PM Jun 06, 2026

ভারত: ৩৬৮-৮ (শুভমান গিল ১০৩, কেএল রাহুল ১০০)

Advertisement

যেমনটা প্রত্যাশিত ছিল মুলানপুর টেস্টের প্রথম দিন তেমনটাই হল। দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া। সৌজন্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং সদ্য নির্বাচিত সহ-অধিনায়কের সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেছেন সদ্য সহ-অধিনায়কত্ব খোয়ানো ঋষভ পন্থও। যাকে নিয়ে এতদিন ধরে প্রশ্ন উঠছিল সেই সাই সুদর্শনও ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। সব মিলিয়ে দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৮ রান।

এমনিতে আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্টের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে এই ম্যাচ মূলত পরীক্ষানিরীক্ষার এবং ফর্মে ফেরার। দীর্ঘদিন টি-২০ ফরম্যাটে খেলার পর দীর্ঘতম ফরম্যাটে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জ ছিল টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু দুর্বল আফগান বোলিং বিভাগ সেভাবে কোনও চ্যালেঞ্জেই ফেলতে পারলেন না ভারতীয় ব্যাটারদের। একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া এদিন যারা যারা ব্যাট করলেন তারা প্রত্যেকেই কমবেশি সফল হলেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক গিল। ব্যাটিংয়ে ভালো শুরুটা করেছিলেন কেএল রাহুল। দিনের শুরুটা তিনি ধৈর্য ধরে খেলেন। শুরুর দিকে সুইংও করছিল বল। তাতে ২৪ রানে নিজের উইকেট খোয়ান যশস্বী জয়সওয়াল। কিন্তু রাহুল নিজের কাজটা করে যান অন্যপ্রান্তে। এরপর সাই সুদর্শনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দ্বিতীয় উইকেটের জুটিতে ভারত তোলে ১৪০ রান। সুদর্শন আউট হন ৮১ রানে। বিতর্ক সত্ত্বেও ৩ নম্বর স্লটের জন্য গৌতম গম্ভীর আস্থা রেখেছেন তাঁর উপর। সেই আস্থার দাম দিয়েছন সুদর্শন। আর রাহুল ১৬৫ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন। যদিও সেঞ্চুরির পরই আউট হয়ে যান তিনি। এটি রাহুলের কেরিয়ারের ১২তম সেঞ্চুরি।

রাহুল আউট হলেও অন্য প্রান্তে আফগান বোলারদের শাসন চালিয়ে যান শুভমান গিল এবং ঋষভ পন্থ। অধিনায়ক গিল এদিন তাঁর কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটি করে ফেলেছেন। দিনের শেষে তিনি অপরাজিত ১০৩ রানে। ঋষভ পন্থের জন্য ম্যাচটি বাড়তি গুরুত্বপূর্ণ। কোচ গম্ভীর তাঁর উপর আস্থা হারাচ্ছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এসবের মধ্যেই পন্থ এদিন ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement