shono
Advertisement

Breaking News

T20 World Cup

বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত, কপিলের পর লর্ডসে ট্রফি জিততে মরিয়া জেমিমারা

গতবছর নভেম্বরে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা দল। তবে ফাইনালে উঠলেও টি-২০ বিশ্বকাপ আসেনি ভারতের মেয়েদের ঘরে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:35 AM May 29, 2026Updated: 09:35 AM May 29, 2026

দিন পনেরো পরেই শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ইংল্যান্ড মেগা টুর্নামেন্টে অংশ নেবেন হরমনপ্রীত কৌররা। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধেই তিন ম্যাচের সিরিজ খেলছে উইমেন ইন ব্লু। সেই সিরিজের প্রথম ম্যাচে সাফল্য পেল ভারত। জেমিমা রডরিগেজের দুরন্ত হাফসেঞ্চুরিতে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল ভারতের মহিলা ব্রিগেড।

Advertisement

বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলে স্মৃতির উইকেট খোয়ায় ভারত। প্রথম ওভারের শেষে আউট আরেক ওপেনার শেফালি ভার্মাও। সেখান থেকে যস্তিকা ভাটিয়াকে সঙ্গী করে জেমিমা ম্যাচের হাল ধরেন। দু'জনের পার্টনারশিপে ওঠে ১২৬ রান। জেমিমার সংগ্রহ ৪০ বলে ৬৯। যস্তিকা আউট হন ৪০ বলে ৫৪ রান করে। এদিন অবশ্য ব্যর্থ হন বঙ্গকন্যা রিচা ঘোষ। পরে লোয়ার অর্ডারে নেমে ১৩ বলে ২২ রানের ক্যামিও আসে দীপ্তি শর্মার ব্যাট থেকে। ২০ ওভার শেষে ১৮৮ রানের বড় টার্গেট দেয় ভারত।

রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। পাওয়ার প্লে'র মধ্যেই প্যাভিলিয়ন ফেরেন দুই ওপেনা সোফিয়া ডাঙ্কল এবং অ্যালিস ক্যাপসি। পরে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন এমি জোনস। কিন্তু ক্রিজের অপর প্রান্ত থেকে সাহায্য পাননি। ২০ ওভার শেষে ইংল্যান্ড আটকে যায় ১৫০ রানে। প্রথমবার আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমে তিন উইকেট তুলে নেন পেসার নন্দিনী শর্মা। ওয়ানডে বিশ্বকাপে হইচই ফেলে দেওয়া ক্রান্তি গৌড়ও পেয়েছেন জোড়া উইকেট।

গতবছর নভেম্বরে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা দল। তবে ফাইনালে উঠলেও টি-২০ বিশ্বকাপ আসেনি ভারতের মেয়েদের ঘরে। এবার সেই স্বপ্নপূরণের লক্ষ্যে ঝাঁপাচ্ছে উইমেন ইন ব্লু। জেমিমা বলছেন, "লর্ডসে কপিল দেব ভারতের প্রথম বিশ্বকাপ জিতেছিলেন। ভারতের মেয়েদের প্রথম টি-২০ বিশ্বকাপ ট্রফিটাও লর্ডসের মাটিতে জিততে চাই।" আগামী ১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে মহিলা ব্রিগেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement