shono
Advertisement
MS Dhoni

পরের মরশুমেও আইপিএল খেলবেন ধোনি! ইডেনে নাইট মহড়ায় আরও চমক নিয়ে হাজির চেন্নাই

ভবিষ্যতের টিম তৈরি করা এখন অগ্রাধিকার ধোনির কাছে।
Published By: Arpan DasPosted: 01:03 PM May 06, 2025Updated: 01:03 PM May 06, 2025

স্টাফ রিপোর্টার: মহেন্দ্র সিং ধোনি কোথায়?

Advertisement

সোমবারের সন্ধে। ঘড়িতে ছ'টা বাজে। সপ্তাহের প্রথম দিনে অফিস কাছারির চাপ থাকলে কী হবে, ইডেনের বাইরে জায়গায়-জায়গায় জটলা। এখনই চেন্নাই সুপার কিংস আসবে। আইপিএলের বিখ্যাত হলুদ জার্সি আর নেই প্লে অফে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি নামে চলমান এক ক্রিকেট রোম্যান্স রয়েছেন তো। তাই যতই তাঁর টিম প্লে অফের দৌড় থেকে ছিটকে যাক, যতই আপাত নিরুত্তাপ দেখাক আগামী বুধবারের চেন্নাই-কেকেআর খেলার আবহকে, ধোনির একনিষ্ঠ উপাসককুল আর মুখ ফিরিয়ে থাকেন কী করে?
কিন্তু মহেন্দ্র সিং ধোনি কোথায়?

পীতবর্ণ টিম বাস থেকে নামলেন অনেকে। একে একে। রবিচন্দ্রন অশ্বিন। 'বেবি এবি' ডিওয়াল্ড ব্রেভিস। শিবম দুবে। খলিল আহমেদ। রাহুল ত্রিপাঠি। কিন্তু তিনি কোথায়, আসল লোক কোথায়, এমএসডি কোথায়? ইডেনে উপস্থিত উৎসুক ক্রিকেট জনতা দ্রুত চর্চা শুরু করল, তা হলে কি ধোনি কেকেআরের বিরুদ্ধে নামবেন না? ম্যাচটা খেলবেন না? নইলে ট্রেনিং করতে এলেন না কেন?

খোঁজ নিয়ে জানা গেল, ধোনি আছেন, চেন্নাই সুপার কিংস সংসারে স্বমহিমাতেই রয়েছেন। কেকেআর যুদ্ধে নামা নিয়েও তাঁর কোনও প্রশ্নচিহ্ন নেই। এ দিন মাঠে আসেননি, টিমের ঐচ্ছিক প্র্যাকটিস সেশন ছিল বলে। একা ধোনি কেন, জাদেজা-স্যাম কারানরাও আসেননি মাঠে। তবে আজ মঙ্গলবার, খেলার আগের দিন ট্রেনিংয়ে আসতে পারেন চেন্নাই অধিনায়ক। শোনা গেল, হোটেলেই ছিলেন গোটা দিন। বিকেল ছ'টা থেকে ইডেনে প্র্যাকটিস সেশন রয়েছে সিএসকের। বাকি টিমের সঙ্গে তাঁর আসার কথা রয়েছে। আর হ্যাঁ, এটাও শোনা গেল যে, আগামী আইপিএলও খেলতে পারেন ধোনি!

ফাইল ছবি

অর্থাৎ, যদি ধোনি পরের বছরও খেলেন, তা হলে তাঁর বয়স সেই সময় দাঁড়াবে ৪৪। এবারই তেতাল্লিশ বছর বয়সে তাঁর খেলা চালিয়ে যাওয়া নিয়ে ক্রিকেটমহলের একাংশ জোরালো প্রশ্ন তুলছে। বলা হচ্ছে, ভুবনবিখ্যাত ক্রিকেটার তিনি। পৃথিবীজোড়া তাঁর নাম-ডাক। ক্রিকেট কেরিয়ারে অপূর্ণতা বলে কিছু নেই। দেশকে দু'টো বিশ্বকাপ দিয়েছেন অধিনায়ক হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ক্যাবিনেটে পাঁচটা আইপিএল ট্রফি রয়েছে। ক্রিকেট-জগৎ তাঁকে চেনে-জানে বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার হিসেবে। তা হলে ধোনির প্রয়োজন কী এখনও খেলা চালিয়ে যাওয়ার। দেখাই তো যাচ্ছে, ক্রিকেট সায়াহ্ন তাঁকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। তা হলে অহেতুক ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করা কেন?

এটা ঘটনা যে, চেন্নাই অধিনায়কের এবারের আইপিএলে পরিসংখ্যান মোটেও আশাব্যঞ্জক নয়। এবার এ পর্যন্ত ১১ ম্যাচে ১১ ইনিংসে ধোনির রান মাত্র ১৬৩। সর্বোচ্চ ৩০ নটআউট। ব্যাটিং গড় ২৩.২৮। স্ট্রাইক রেট ১৪৮। কিন্তু মুশকিল হল, দুনিয়া যা-ই ভাবুক না কেন, চেন্নাই সুপার কিংস নিজেদের ভাবনায় পরিষ্কার। ভীষ্মের যেমন ছিল ইচ্ছামৃত্যু। ধোনিরও সিএসকে-তে তেমনই ইচ্ছা-অবসর। তাঁর যত দিন মনে হবে, খেলবেন। এবং খেলা ছাড়ার পরেও চেন্নাই সংসারেই জুড়ে থাকবেন।

সিএসকে সিইও কাশী বিশ্বনাথন এ দিন ইডেনে দাঁড়িয়ে বলছিলেন, "ধোনি কী করবে, কতদিন খেলবে, সেটা ও-ই ঠিক করবে। কারণ, ধোনিই সেটা সবচেয়ে ভালো বুঝবে। আর আমরা নিশ্চিত যে খেলা ছাড়ার পরেও সিএসকে-র সঙ্গেই ও থাকবে।" তবে সিএসকে-ঘনিষ্ঠ কোনও কোনও কর্তা এ দিন বললেন যে, এমএসডি নাকি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে, আগামী বছরও তিনি খেলবেন আইপিএল। ভবিষ্যতের টিম তৈরি করা এখন তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে।

ওহ, দেখুন দেখি। পাকেচক্রে পড়ে চেন্নাই সুপার কিংস ট্রেনিংয়ের ইন্টারেস্টিং তথ্যটাই দেওয়া হল না। রবিচন্দ্রন অশ্বিন সোমবার দীর্ঘক্ষণ লেগস্পিন বোলিং করে গেলেন! কারণ, টি-টোয়েন্টিতে লেগস্পিন করলে উইকেট পাওযার সম্ভাবনা অনেক বেশি থাকে। গত কয়েকটা ম্যাচে চেন্নাই খেলায়নি অশ্বিনকে। কিন্তু ইডেন পিচে রবীন্দ্র জাদেজা-নূর আহমেদের সঙ্গে যদি অশ্বিনকেও খেলিয়ে দেওয়া হয়, আশ্চর্যের হবে না। বরং দ্রষ্টব্য হবে, খেললে কোন অশ্বিনকে দেখা যাবে?

অফস্পিনার অশ্বিনকে? নাকি লেগস্পিনার অশ্বিনকে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধোনি আছেন, চেন্নাই সুপার কিংস সংসারে স্বমহিমাতেই রয়েছেন। কেকেআর যুদ্ধে নামা নিয়েও তাঁর কোনও প্রশ্নচিহ্ন নেই।
  • রবিচন্দ্রন অশ্বিন সোমবার দীর্ঘক্ষণ লেগস্পিন বোলিং করে গেলেন!
  • কারণ, টি-টোয়েন্টিতে লেগস্পিন করলে উইকেট পাওযার সম্ভাবনা অনেক বেশি থাকে।
Advertisement