shono
Advertisement
Vaibhav Suryavanshi

প্রচারের আলো থেকে সাবধান! দ্বিতীয় মরশুমেও 'চেনা' বৈভবকে পেতে নয়া পরিকল্পনা রাজস্থানের

আইপিএলের গণ্ডি ছাড়িয়ে বৈভব সূর্যবংশীর দাপট দেখেছে গোটা দুনিয়া। তবে এবার যেন ১৪ বছর বয়সি ক্রিকেটারের জন্য তৈরি বিপক্ষ দল। তাই দ্বিতীয় মরশুমে আরও কঠিন পরীক্ষা হতে চলেছে বৈভবের জন্য।
Published By: Arpan DasPosted: 08:25 PM Mar 20, 2026Updated: 08:28 PM Mar 20, 2026

গত মরশুমে স্বপ্নের অভিষেক। তারপর আইপিএলের গণ্ডি ছাড়িয়ে বৈভব সূর্যবংশীর দাপট দেখেছে গোটা দুনিয়া। তবে এবার যেন ১৪ বছর বয়সি ক্রিকেটারের জন্য তৈরি বিপক্ষ দল। তাই দ্বিতীয় মরশুমে আরও কঠিন পরীক্ষা হতে চলেছে বৈভবের (Vaibhav Suryavanshi) জন্য। তার আগে বিহারের ব্যাটারকে সাবধান করে দিচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। তাঁর সাফ বক্তব্য, প্রচারের আলো থেকে বৈভবকে দূরে রাখবে রাজস্থান ম্যানেজমেন্ট।

Advertisement

এবার রাজস্থানের নতুন অধিনায়ক হয়েছেন রিয়ান। নিলামের পর কার্যত নতুন দল নিয়ে মাঠে নামবে প্রথমবার আইপিএল জয়ী দল। ওপেনে যশস্বী জয়সওয়ালের সঙ্গে থাকবে বৈভব। ২৭ মার্চ ১৫ বছরে পা দিতে চলা ক্রিকেটারকে কী করতে হবে তা ঠিক করে রেখেছে রাজস্থান। রিয়ান জানিয়েছেন, "ওকে নিয়ে এবার খুব মাতামাতি হবে। কিন্তু অধিনায়ক হিসেবে আমি ওকে বলব, সব চাপ যশস্বী সামলে নেবে। অভিজ্ঞতা দিয়ে যশস্বী অনেক কিছু সামলাতে পারবে।"

তাঁর সংযোজন, "বৈভবের কাজ খুব সহজ। মাঠে যাও। বল দেখো। আর মারো। অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই।" রিয়ান আরও বলেন, "অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ওকে প্রচারের আলো থেকে দূরে রাখা। সাংবাদিক সম্মেলনে যেতে না করব। বা যতটা কম কথা বলা যায়। শুধু নিজের খেলাটা উপভোগ করো।" গত আইপিএলে অভিষেকের পর থেকেই সেনসেশন বৈভব। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিল। তারপর ১৭৫ রান করে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বৈভব।

একই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর বক্তব্য, "রাজস্থানের মতো ফ্র্যাঞ্চাইজিতে ওকে বিজ্ঞাপনী প্রচারে রাখা হবে। যেখানে ওর মনে হতেই পারে,'আমি খুব গুরুত্বপূর্ণ।' কিন্তু ওকে সাবধান থাকতে হবে। ভক্ত, অটোগ্রাফ, সেলফি- এসব যেন ওকে প্রভাবিত না করে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement