shono
Advertisement
Sachin Tendulkar Birthday

শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও কেক খেতে নারাজ অর্জুন, কেন এই সিদ্ধান্ত পুত্রের?

৫৩ বছরে পা দিলেন শচীন তেণ্ডুলকর। দেশজুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রিকেটের 'ঈশ্বর'।
Published By: Arpan DasPosted: 01:49 PM Apr 24, 2026Updated: 03:11 PM Apr 24, 2026

৫৩ বছরে পা দিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar Birthday)। দেশজুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রিকেটের 'ঈশ্বর'। তবে পুত্র অর্জুন তেণ্ডুলকর এখন অনেকটাই দূরে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন শচীনপুত্র। বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই, তবে বাবার জন্য একটি কাজ করতে রাজি হননি অর্জুন।

Advertisement

সোশাল মিডিয়ায় লখনউয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, 'শচীন স্যর, অর্জুন ও আমাদের তরফ থেকে আপনার জন্য কেক রইল। শুভ জন্মদিন।' ওই ভিডিওয় অর্জুন এসে কেকটি তুলে ধরে বলেন, "শুভ জন্মদিন। কিন্তু আমি এই কেকটি খেতে পারব না। আমি খুব একটা মিষ্টি খাই না। তাড়াতাড়ি দেখা হবে।" তারপর শচীন ও অর্জুনের একাধিক ছবির কোলাজ পোস্ট করা হয়।

জন্মদিনে শচীন সোশাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে স্ত্রী অঞ্জলি, মা রজনী তেণ্ডুলকর ছাড়াও আছে পোষ্য কুকুর। সঙ্গে ক্যাপশনে 'মাস্টার ব্লাস্টার' লিখেছেন, 'মা, অঞ্জলি ও ঝামেলা করার জন্য একজনকে (পোষ্য কুকুর) নিয়ে দিন শুরু হল। একজন মানুষ এর থেকে বেশি আর কেউ চায়?' শচীনের জন্মদিন উপলক্ষে এদিন প্রচুর ভক্ত জড়ো হয়। তাঁদের সামনেই কেক কাটেন শচীন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিনের আগে একদা নকশাল অধ্যুষিত বস্তারে শিশুদের সঙ্গে খেলাধুলোয় সময় কাটান 'মাস্টার ব্লাস্টার'। দান্তেওয়াড়ার ছিন্দনার গ্রামে মেয়ে সারা ও পুত্রবধূ সানিয়া চান্দোককে নিয়ে উপস্থিত শচীন। শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশন ৫০টি স্কুলের মাঠ ও পরিকাঠামো উন্নয়নের কাজ করবে। সেখানে স্ত্রী অঞ্জলি ও পুত্র অর্জুনেরও অবদান আছে। ৫০০০-র বেশি শিশু-কিশোর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যেখানে কবাডি, খো খো, দড়ি টানাটানির মতো খেলা ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement