shono
Advertisement
Jemimah Rodrigues

পাক অধিনায়কের সঙ্গে করমর্দনের পর আলিঙ্গন জেমাইমার, ভাইরাল ভিডিও নিয়ে সরগরম নেটপাড়া

এক বছরেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে দূরত্বের ছবিই দেখা যাচ্ছিল। তবে এবার সেই ছবিতে বদল এল।
Published By: Prasenjit DuttaPosted: 02:19 PM Aug 01, 2026Updated: 04:04 PM Aug 01, 2026

এক বছরেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে দূরত্বের ছবিই দেখা যাচ্ছিল। তবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে সেই ছবিতে বদল এল। ম্যাচ শেষে শুধু হাতই মেলাননি, একে অপরকে জড়িয়েও ধরলেন ভারতের জেমাইমা রডরিগেজ ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু বিতর্ক।

Advertisement

‘দ্য হান্ড্রেড’-এ সাদার্ন ব্রেভের হয়ে খেলেন জেমাইমা। বার্মিংহ্যাম ফিনিক্সের নেতৃত্বে রয়েছেন ফাতিমা। দুই দলের ম্যাচ শেষে নিয়মমাফিক ক্রিকেটারেরা পরস্পরের সঙ্গে করমর্দন করছিলেন। সেই সময় জেমাইমা এগিয়ে গিয়ে প্রথমে ফাতিমার সঙ্গে হাত মেলান। তার পর দু'জন একে অপরকে আলিঙ্গন করেন। হাসিমুখে কিছুক্ষণ কথা বলার পর ড্রেসিংরুমে ফিরে যান তাঁরা।

২০২৫ সালে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতির প্রভাব পড়েছিল খেলাধুলাতেও। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে ম্যাচ শেষে করমর্দন না করার ঘটনাই বারবার দেখা গিয়েছে। শুধু পুরুষদের ক্রিকেট নয়, মহিলা ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ স্তরেও একই ছবি সামনে এসেছে। সেই আবহেই জেমাইমা-ফাতিমার এই আচরণ নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

নেট দুনিয়ায় ঘটনাটি নিয়ে মতভেদ স্পষ্ট। একাংশের দাবি, দেশের অন্য ক্রিকেটারেরা যে অবস্থান বজায় রেখেছেন, জেমাইমারও সেটিই অনুসরণ করা উচিত ছিল। আবার অনেকেই বলছেন, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব খেলায় টেনে আনা উচিত নয়। তাঁদের মন্তব্য, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে সৌজন্যই দেখিয়েছেন ভারতীয় ব্যাটার। এবার ঘটনাটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও প্রতিক্রিয়া জানায় কি না, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement