ভারতের বাংলাদেশ ক্রিকেট সফরের জটিলতা কি কাটতে চলেছে? চলতি বছরের সেপ্টেম্বরে যে সাদা বলের সিরিজ হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত। একবছরের বেশি সময় ধরে ঝুলে আছে বাংলাদেশ সফর। তবে সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেটা এবছর নয়। আগামী বছরের শুরুতে পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল। যদিও পুরোটাই ভারত সরকারের অনুমতি সাপেক্ষ।
চার বছর আগে বাংলাদেশে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এরপর ২০২৫-র জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি। পদ্মাপারে সরকার বদলের পর নতুন ক্রিকেট বোর্ড প্রধান তামিম ইকবাল বহুবার স্বাগত জানিয়েছেন। এবছরের সেপ্টেম্বরে তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি আয়োজনের বিষয়ে আশাবাদী ছিল বাংলাদেশ বোর্ড। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি।
যদিও এএনআই-এর এক সাংবাদিক জানিয়েছেন, জানুয়ারিতে বাংলাদেশ সফরে যেতে পারে ভারত। দুই দেশের সরকার কথা বলছে। বিসিবি চায়, আগামী বছরের সূচির সূত্রপাত হোক ভারত-বাংলাদেশ সিরিজ দিয়ে। তবে সিরিজটি শেষ পর্যন্ত জানুয়ারিতে আয়োজন করা হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের বোর্ড ও সরকারের আলোচনার ওপর।
বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও ‘ভারত বিদ্বেষে’র চরম আবহে পদ্মাপারে ভারতের সিরিজ স্থগিত। পূর্ববর্তী মহম্মদ ইউনুস সরকার সব ক্ষেত্রে ভারতের থেকে দূরত্ব বাড়িয়েছিল। ক্রিকেটও তার মধ্যে ছিল। চলতি বছর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেট-সম্পর্ক ঠিক করতে এগিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু বিসিবি যে সময় সিরিজ আয়োজন করতে চেয়েছিল, সেই সময় আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। সূচিও প্রকাশিত হয়ে গিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ভারতের বিরুদ্ধে ছ’খানা সাদা বলের ম্যাচের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
