ভারতীয় পুরুষ দলের নতুন টি-২০ অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। এমনটাই দাবি বহু সর্বভারতীয় সংবাদমাধ্যমের। আগামী শনিবার, ৬ জুন নির্বাচকরা দল ঘোষণা করবেন। সেদিনই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের স্কোয়াড ঘোষিত হবে।
আসলে সূর্যর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ড কর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না ভারতের টি-২০ অধিনায়ক। দু’চার ম্যাচ নয়, গত প্রায় দেড় বছর ধরেই রানের খরা ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে। অথচ তিন মাস আগে স্কাইয়ের নেতৃত্বেই টি-২০-তে বিশ্বসেরা হয়েছে ভারত। কিন্তু ব্যাট হাতে তাঁর 'নীরবতা'য় বারবারই প্রশ্ন উঠেছে, কেন তাঁকে লাগাতার অধিনায়ক রেখে দেওয়া হচ্ছে? এমনকী আইপিএলেও তাঁর ব্যাট কথা বলেনি। বোর্ড সূত্রের খবর, সূর্যর অধিনায়কত্ব নিয়ে কোনও সমস্যা ম্যানেজমেন্টের নেই। যাবতীয় সমস্যা তাঁর ব্যাটিং নিয়ে। এছাড়াও সূর্যর বয়স এখন ৩৬। সেটাও সম্ভবত তাঁর বিপক্ষে গিয়েছে। শেষপর্যন্ত তাই তাঁকে আর অধিনায়ক রাখতে রাজি হলেন না নির্বাচকরা।
সূর্য বাদ গেলে অধিনায়ক হিসাবে কাকে বাছবে বিসিসিআই, সেদিকেও সকলে তাকিয়ে ছিলেন। শ্রেয়স ছাড়াও তিলক বর্মা, সঞ্জু স্যামসনের নামও উঠে এসেছে আলোচনায়। শেষপর্যন্ত শ্রেয়সেই ভরসা রাখলেন নির্বাচকরা। এদিকে সূর্য কেবল অধিনায়কত্বই নয়, দল থেকেই বাদ পড়ে যেতে পারেন বলেই শোনা যাচ্ছে। শনিবারের দল ঘোষিত হলে সেটা নিশ্চিত ভাবে জানা যাবে। এদিকে তিলক বর্মাকে সহ-অধিনায়ক করা হচ্ছে বলেও খবর।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অধিনায়ক পরিবর্তনে এর আগেও সাহসী সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে বোর্ডকে। ২০২৫ সালে রোহিত শর্মাকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় শুভমান গিলকে। টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ের কয়েক মাসের মধ্যেই 'শর্মাজি কা বেটা' অধিনায়কত্ব হারান। এবার বিশ্বজয়ের পর ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হল সূর্যকুমার যাদবকেও।
