shono
Advertisement
India vs Sri Lanka test

একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?

পাসিন্দু সুরিয়াবন্দর, কামিন্দু মেন্ডিসদের লড়াইয়ের সঙ্গে সোনাল দিনুশার দুরন্ত শতরান-সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে একেবারে দুর্ভেদ্য হয়ে ওঠে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।
Published By: Anwesha AdhikaryPosted: 08:06 PM Aug 27, 2026Updated: 08:06 PM Aug 27, 2026

স্কোরবোর্ডে পাঁচশো রান তোলামাত্র ডিক্লেয়ার। তারপর অল্প রানের ব্যবধান থাকা সত্ত্বেও বিপক্ষকে ফলো অন করানো। এই একটা ভুল সিদ্ধান্তেই কি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করল ভারত? বৃহস্পতিবার টেস্ট ড্র হতেই উঠছে প্রশ্ন। বিতর্কের মধ্যে ডিক্লেয়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক শুভমান গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্কটা ভারতের সামনে এখন খুবই কঠিন। শেষ পর্যন্ত খেতাবি যুদ্ধে নামতে পারবে ভারত?

Advertisement

প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়ের দোরগোড়ায় চলে এসেছিলেন শুভমানরা। ফলো অন করান শ্রীলঙ্কাকে। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে গেল। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন ধ্রুব জুরেল। কিন্তু দলের রান ৫০০ পেরতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন শুভমান। বোলারদের দাপটে লঙ্কা ব্রিগেডের ইনিংস শেষ হয় ২৯০ রানে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছিলেন, ভারতীয় দল ফের ব্যাট করতে নামবে। কিন্তু শুভমান ফলো অন করান।

ফলো অন হলেও পালটা মার দিতে ভোলেনি শ্রীলঙ্কা। পাসিন্দু সুরিয়াবন্দর, কামিন্দু মেন্ডিসদের লড়াইয়ের সঙ্গে সোনাল দিনুশার দুরন্ত শতরান-সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে একেবারে দুর্ভেদ্য হয়ে ওঠে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। অধিনায়ক শুভমান নিজে বল করতে আসেন বাধ্য হয়ে, তাতেও ফল হয়নি। শেষ পর্যন্ত ৪২৯ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ম্যাচ ড্র। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চার নম্বরে ওঠার স্বপ্নেও ইতি। তারপর থেকেই প্রশ্ন উঠছে, ফলো অনের কারণেই কি জয় অধরা থেকে গেল ভারতের?

ম্যাচের পর অবশ্য শুভমান বলছেন, "সময়টা পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে অনেক কথাই বলা যায়। ওই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সঠিক মনে হয় সেই সিদ্ধান্তই নেওয়া উচিত। পরে হয়তো সেই সিদ্ধান্তটা আমাদের অনুকূলে যায় না।" অর্থাৎ ফলো অন করানোর সিদ্ধান্ত ঠিকই মনে করছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের আশা বেঁচে রয়েছে বলে মনে করছেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজে ভালো খেললে ফাইনালের রাস্তা সহজ হয়ে যাবে, আত্মবিশ্বাসী শুভমান। মনে করছেন, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতেই পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement