ইডেনের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) দ্বৈরথকে ডাকা হচ্ছে 'ম্যাচ অফ ডেথ' নামে। আক্ষরিক অর্থে তাই-ই। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের একটা হারে পাহাড়প্রমাণ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতও হারিয়েছে জিম্বাবোয়েকে। তাই সেমির সমীকরণ সহজ হয়েছে ভারতের সামনে। ইডেনের 'কোয়ার্টার'-যুদ্ধে যে দল জিতবে, তারা যাবে সেমিফাইনালে। অন্য দল বিদায় নেবে। এমন একটা ম্যাচে টসভাগ্য সহায় হল সূর্যকুমার যাদবের। ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক।
দল অপরিবর্তিত রেখে ইডেনে নামবে ভারত। অর্থাৎ আগের ম্যাচের মতোই দলে রয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা। তাঁরাই ওপেন নামবেন বলে মনে করা হচ্ছে। তিনে আসবেন ঈশান কিষান। তারপর সূর্যকুমার, হার্দিক, তিলক, দুবে, অক্ষর। মোটামুটি ব্যাটিং অর্ডার এমনই থাকবে। তবে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। শিমরন হেটমায়ার, শেফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার - রীতিমতো ভয় ধরানো ব্যাটিং লাইন আপ তাদের। ভারতীয় দলে কোনও বদল না হলেও ওয়েস্ট ইন্ডিজ দলে একটি বদল হয়েছে। ব্র্যান্ডন কিংয়ের জায়গায় দলে ঢুকেছেন আকিল হোসেন।
টস জিতে সূর্যকুমার বলেন, "পিচ দেখে ভালোই মনে হচ্ছে। এখানে রান তাড়া করলেই ভালো হবে। পরের দিকে শিশিরের কারণে উইকেট আরও আরেকটু ভালো হবে বলেই মনে হয়। এখানকার দর্শকরা দারুণ। আশা করি দারুণ ক্রিকেট উপহার দিতে পারব।" তবে ইডেনে পরিসংখ্যান কিছুটা হলেও চিন্তায় রাখছে ভারতীয় দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই ভারতের শক্ত গাঁট।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত তাঁরা ভারতের বিরুদ্ধে যে চার ম্যাচ খেলেছে, সেই চার ম্যাচের ৩টিই গিয়েছে ক্যারিবিয়ানদের পকেটে। একমাত্র ২০১৪ সালে মিরপুরে ক্রিস গেইলদের হারাতে পেরেছিল টিম ইন্ডিয়া। বাকি ৩ বারই হারের মুখ দেখতে হয়েছে। ১০ বছর আগে। সেবারও বিশ্বকাপ ছিল দেশের মাটিতে। সেবারও ফেভারিট ছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ ছিল নিতান্তই অজ্ঞাতকুলশীল। কিন্তু সেদিন গোটা ওয়াংখেড়েকে চুপ করিয়ে ভারতের স্বপ্নভঙ্গ করে দেন ড্যারেন স্যামিরা। ভারত কি পারবে মধুর প্রতিশোধ নিতে? উত্তর পেতে গেলে আরও কিছু ঘণ্টা অপেক্ষা করতে হবে।
ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।
