তামিম ইকবালকে (Tamim Iqbal) বিসিবি-তে বসানোর প্রক্রিয়া শুরু। আপাতত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চলা পরিচালন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই জায়গায় তিন মাসের জন্য অ্যাড হক কমিটি তৈরি করা হল। ১১ সদস্যের কমিটির মাথায় বসানো হয়েছে প্রাক্তন ক্রিকেটার তামিমকে। এই কমিটিতে আছেন প্রাক্তন তারকা আতাহার আলি খানও।
গত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket) বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের সাত জনই পদত্যাগ করেছেন। তার সঙ্গে তারেক রহমানের সরকার বিসিবির সর্বশেষ নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। গত বছরের মে মাসে মহম্মদ ইউনুসের আমলে বিসিবি নির্বাচনে দায়িত্ব পান আমিনুল। সেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বাংলাদেশের নতুন সরকারের স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইসিসি'কেও পুরো বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার বিকালে সাংবাদিক সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান তুলে ধরেন, নির্বাচনে কোথায় কোথায় অনিয়ম করেছে। সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছে ক্রীড়া পরিষদ। তিনি বলেন, "নতুন তদন্ত কমিটি অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করেছে। নতুন অ্যাডহক কমিটি আগামী তিনমাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে। তার সঙ্গে আগামী তিনমাস কীভাবে দেশের ক্রিকেট চলবে, সেগুলোও দেখভাল করবে।"
যদিও ওয়াকিবহাল মহলের চর্চা, ইতিমধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টাও শুরু করেছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বোর্ডের অনেক পরিচালকই রাজি ছিলেন। তারপরও আমিনুলের আমলে বিশ্বকাপ খেলা হয়নি। বাংলাদেশের বর্তমান সরকার মনে করছে, অহেতুক ভারত বিরোধিতা এবং বিশ্বকাপে খেলতে না যাওয়ায় ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। পুরনো সরকারের সিদ্ধান্ত নিয়েই এবার পদক্ষেপ করা শুরু করেছে তারেক সরকার। আমিনুলকে সরিয়ে দেওয়া তারই লক্ষণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বোর্ডের মাথায় ‘নিজেদের লোক’ বসাতে চায় বাংলাদেশের তারেক রহমানের সরকার।
ওয়াকিবহাল মহলের চর্চা, ইতিমধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টাও শুরু করেছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বোর্ডের অনেক পরিচালকই রাজি ছিলেন। তারপরও আমিনুলের আমলে বিশ্বকাপ খেলা হয়নি। বাংলাদেশের বর্তমান সরকার মনে করছে, অহেতুক ভারত বিরোধিতা এবং বিশ্বকাপে খেলতে না যাওয়ায় ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের।
নতুন অ্যাডহক কমিটিতে তামিম ছাড়াও প্রাক্তন ক্রিকেটার আতাহার আলি খান ও মিনহাজুল আবেদিন আছেন। এছাড়া বাকিদের অনেকেই ক্ষমতাসীন বিএনপি নেতাদের স্ত্রী-পুত্র। উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তামিমের। কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগে নির্বাচন বয়কট করেন এই ক্রিকেটার। তবে ছয় মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন তিনি।
