shono
Advertisement

Breaking News

Vaibhav Sooryavanshi

ওয়ানডে বিশ্বকাপে বৈভব! যশস্বী-সহ বাদ নামীরা, প্রাক্তনীর 'বম্ব স্কোয়াড' নিয়ে শোরগোল

দলে রয়েছেন বহু যুদ্ধের নায়ক ভুবনেশ্বর কুমার এবং উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন।
Published By: Prasenjit DuttaPosted: 01:42 PM Aug 21, 2026Updated: 01:42 PM Aug 21, 2026

পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। এখন থেকেই সম্ভাব্য ভারতীয় দল নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। সেই আলোচনায় চমক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার। তাঁর পছন্দের ১৫ জনের দলে জায়গা পেল ১৫ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। দলে রয়েছেন বহু যুদ্ধের নায়ক ভুবনেশ্বর কুমার এবং উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তবে নেই যশস্বী জয়সওয়াল। সুযোগ পাননি গৌতম গম্ভীরের 'প্রিয় পাত্র' ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানা।

Advertisement

নিজের পছন্দের দলকে উথাপ্পা বলেছেন 'বম্ব স্কোয়াড'। তাঁর কথায়, "বিশ্বকাপের এখনও এক বছর বাকি। তবে এই ১৫ জন যদি আগামী এক বছর একসঙ্গে খেলতে পারে, তাহলে নিখুঁত হবে প্রস্তুতি। আমার মনে হয়, এটাই একটা বম্ব স্কোয়াড।" ব্যাটিং বিভাগে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে রেখেছেন উথাপ্পা। রেখেছেন রোহিত শর্মাকেও। ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও উথাপ্পার পরিকল্পনায় এখনও রয়েছেন হিটম্যান। তবে সবচেয়ে বড় চমক বৈভব। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে রোহিতের সঙ্গে ওপেনিংয়ের ব্যাকআপ হিসাবে রাজস্থান রয়্যালসের এই তরুণ সতীর্থকে বেছে নিয়েছেন উথাপ্পা। মাত্র ১৫ বছর বয়সেই বৈভবকে বিশ্বকাপের মতো বড় মঞ্চের সম্ভাব্য দলে রাখার সিদ্ধান্ত নিঃসন্দেহে চমকপ্রদ।

অভিজ্ঞতার দিকেও গুরুত্ব দিয়েছেন উথাপ্পা। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পাশাপাশি দলে ফিরিয়েছেন ভুবনেশ্বর কুমারকে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ২৮টি উইকেট নেওয়া ভুবি প্রায় পাঁচ বছর ভারতের জার্সিতে ওয়ানডে খেলেননি। তবু তাঁর সুইং, নিয়ন্ত্রিত বোলিং ও অভিজ্ঞতাকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা বিশ্বকাপের জন্য কার্যকর মনে করছেন উথাপ্পা। ভুবনেশ্বরকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর। 

উইকেটকিপার ঋষভ পন্থের পরিবর্তে কেএল রাহুলকে রাখার পাশাপাশি ব্যাকআপ সঞ্জু স্যামসনকে বেছে নিয়েছেন তিনি। সঞ্জুকে সুযোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন উথাপ্পা। প্রয়োজনে ইনিংসের শুরুতে খেলতে পারেন। ফিনিশারেরও ভূমিকা নিতে পারেন। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে দলে অক্ষর প্যাটেল ও জাদেজা। আর পেস আক্রমণে জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। অর্থাৎ ব্যাকআপ পেস-বোলিং অলরাউন্ডারের বদলে চারজন বিশেষজ্ঞ পেসারেই আস্থা রেখেছেন উথাপ্পা।

উথাপ্পার ১৫ জনের দল:
শুভমান গিল, রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement