টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ এবং আমির জাঙ্গুর। শ্রীলঙ্কার বিরুদ্ধে (West Indies vs Sri Lanka) প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে তাঁরা ৬০২ বলে ৪০১ রানের জুটি গড়ে নয়া ইতিহাস লিখলেন। তাঁদের পার্টনারশিপে ভর করে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৬২৬ রানে ডিক্লেয়ার করে। পাহাড়প্রমাণ রানের চাপে মাথা নত শ্রীলঙ্কার। মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় তারা। ২১৭ রানে বিরাট জয় পায় ক্যারিবিয়ান দল।
নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে আমির জাঙ্গু ৩৭৩ বলে দুর্দান্ত ২৩৩ রান করেন। অধিনায়ক রস্টন চেজ সেই সময় ১৮৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ডবল সেঞ্চুরির থেকে মাত্র ৬ রান দূরে থামেন তিনি। যাই হোক, টেস্ট ক্রিকেটে ষষ্ঠ উইকেটে এটিই এখন সর্বোচ্চ রানের জুটি। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দখলে। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁরা ৩৯৯ রানের জুটি গড়েছিলেন। চেজ-জাঙ্গুর জুটির সুবাদে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ উইকেটে ৪০০ রানের গণ্ডি পেরল কোনও জুটি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। শীর্ষে রয়েছে কনরাড হান্টে ও স্যর গ্যারি সোবার্সের জুটি। ১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৬ রানের জুটি গড়েছিলেন তাঁরা। এর আগে দ্বিতীয় স্থানে ছিলেন গ্যারি সোবার্স ও ফ্রাঙ্ক ওরেল। তাঁদের জুটিতে ১৯৬০ সালে ৩৯৯ রান উঠেছিল। সেই রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে উঠে এলেন চেজ ও জাঙ্গু। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১৯৯১ সালে মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোনস ৪৬৭ রানের জুটি গড়ে তালিকায় শীর্ষে। ১৯৮৫ সালে জাভেদ মিয়াঁদাদ ও কাসিম উমমের ৩৯৭ রানের জুটিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেজ-জাঙ্গুর ঐতিহাসিক ৪০১ রানের পার্টনারশিপ।
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়ে ৩০০তম উইকেট শিকার করে ক্যারিবিয়ান কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন কেমার রোচ। চতুর্থ দিন মাত্র ৩১ ওভারে ১০১ রানে অলরাউট হয়ে যায় দ্বীপরাষ্ট্র। রোচ নেন ৫১ রানে ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৬ উইকেট। ৩৭ বছর বয়সি এই বোলার ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম বোলার হিসাবে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন। তাঁর আগে কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল ও ল্যান্স গিবস এর আগে ৩০০ উইকেট শিকার করেছিলেন।
