shono
Advertisement

Breaking News

Delhi Capitals

ট্রায়ালে সৌরভ-যুবি, হাল ফেরাতে দুই কিংবদন্তিকে কোচ করছে দিল্লি ক্যাপিটালস?

আগামী বছরের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের অন্দরমহলে কি বড়সড় বদলের প্রস্তুতি?
Published By: Prasenjit DuttaPosted: 05:00 PM Aug 09, 2026Updated: 05:01 PM Aug 09, 2026

আগামী বছরের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের অন্দরমহলে কি বড়সড় বদলের প্রস্তুতি? বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত হয়েছিল দিল্লির ট্রায়াল ক্যাম্প। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিং। টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন ক্রিকেটারের উপস্থিতি সেই জল্পনাই আরও উসকে দিল।

Advertisement

সরকারি ভাবে অবশ্য এখনও নতুন কোনও দায়িত্বের কথা ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। কিন্তু ট্রায়ালে যুবরাজকে আম্পায়ারের পিছনে দাঁড়িয়ে ব্যাটারদের খুঁটিনাটি লক্ষ্য করতে দেখা যায়। পরামর্শও দেন যুবি। সৌরভও যথেষ্ট সক্রিয় ছিলেন। প্রাক্তন দুই তারকার নজর কেড়েছেন বাংলার অলরাউন্ডার করণ লাল। কর্নাটকের শুভং হেগড়ের খেলা দেখেও খুশি তাঁরা। সৌরভ-যুবির সঙ্গে ছিলেন দলের নতুন কোচিং স্টাফের সদস্য অমিত মিশ্র।

এই মুহূর্তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু'বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। আগামী মরশুমে দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে। শোনা যাচ্ছে, তাদের সময়েই কোচিং কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। জল্পনা, সৌরভকে হেডকোচ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। যুবরাজকে দেখা যেতে পারে ব্যাটিং কোচের ভূমিকায়। সত্যি হলে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে দেখা যাবে একই দলের কোচ হিসাবে।

দিল্লির ট্রায়ালে সৌরভ, যুবরাজ। ছবি সংগৃহীত।

২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। দক্ষিণ আফ্রিকার এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৯ সালে দিল্লি দলের মেন্টরও ছিলেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সেই দায়িত্ব ছাড়েন। তবে যুবরাজ দায়িত্ব নিলে সেটা হবে তাঁর আইপিএলে কোচিংয়ের নতুন অভিজ্ঞতা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের নায়ক গত কয়েক বছরে তরুণ ব্যাটারদের মেন্টর হিসাবে যথেষ্ট সক্রিয়। শুভমান গিল, অভিষেক শর্মার মতো ক্রিকেটাররাও যুবির পরামর্শ মেনে উপকার পেয়েছেন। যুবরাজের সঙ্গে ঋষভ পন্থের সম্পর্ক খুবই ভালো। এই উইকেটরক্ষক-ব্যাটারের লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লিতে 'ঘরওয়াপসি' হয়েছে। কেরিয়ারের কঠিন সময়ে পন্থ যুবরাজের পরামর্শ নিয়েছেন। গত আইপিএলের আগেও মুম্বইয়ে যুবরাজের তত্ত্বাবধানে পন্থকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফলে পন্থ-সৌরভ-যুবরাজকে একসঙ্গে আগামী মরশুমে দিল্লির ডাগআউটে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সৌরভের সঙ্গে যুবরাজের পুরনো সম্পর্কও এই জল্পনায় আলাদা মাত্রা যোগ করছে। দেশের জার্সিতে যুবরাজের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ। সেই সম্পর্কের কারণেই যুবরাজকে দিল্লির কোচিংয়ে আনার ব্যাপারে সৌরভ আগ্রহী বলে খবর। পরপর দুই মরশুম প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। গতবার আইপিএলে তাদের শেষ করতে হয়েছে ষষ্ঠ স্থানে। ফলে বেণুগোপাল রাও, হেমাঙ্গ বাদানি, মুনাফ প্যাটেল এবং ইয়ান বেলেরা দিল্লির কোচিং স্টাফ হিসাবে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৯ মরশুম পেরিয়ে গেলেও বহুকাঙ্ক্ষিত আইপিএল ট্রফি অধরা তাদের। তবে ২০২০ সালে ফাইনালে উঠেছিল তারা। সেটাই তাদের সেরা সাফল্য। এখন দেখার, আসন্ন মরশুমে সৌরভ-যুবরাজের উপর আস্থা রাখে কিনা দিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement