shono
Advertisement

‘আগামী বছর যত বয়স হবে আমি তার থেকে এক বছরের ছোট’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘I am one year younger than what I’ll be in next year’- আত্মজীবনীতে এভাবেই নিজের জন্মদিনকে ব্যাখ্যা করেছেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন৷ তিনি বাঙালির আন্তর্জাতিক অহঙ্কার৷ বাংলা সিনেমার পথচলায় তিনি অক্লান্ত ‘পদাতিক’৷ ‘আকালের সন্ধানে’ যেমন তিনিই সঙ্গী, তেমন তিনিই আমাদের দেখান জীবনের ‘আকাশ কুসুম’ স্বপ্ন ও তার পরিণতি৷ তাঁর ছবির পরতে পরতে […] The post ‘আগামী বছর যত বয়স হবে আমি তার থেকে এক বছরের ছোট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:32 AM May 14, 2017Updated: 06:20 AM May 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘I am one year younger than what I’ll be in next year’- আত্মজীবনীতে এভাবেই নিজের জন্মদিনকে ব্যাখ্যা করেছেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন৷ তিনি বাঙালির আন্তর্জাতিক অহঙ্কার৷ বাংলা সিনেমার পথচলায় তিনি অক্লান্ত ‘পদাতিক’৷ ‘আকালের সন্ধানে’ যেমন তিনিই সঙ্গী, তেমন তিনিই আমাদের দেখান জীবনের ‘আকাশ কুসুম’ স্বপ্ন ও তার পরিণতি৷ তাঁর ছবির পরতে পরতে ‘অন্তরীণ’ থাকে জীবনের খরখরে বাস্তবতা৷ ‘একদিন প্রতিদিন’ তাঁর সিনে-দর্শনেই তাই জীবন ও জীবনের মর্মের দেখা হয়ে যায় মুখোমুখি৷

Advertisement

ভাগ্যিস মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের ব্যাগটা তিনি নামিয়ে রেখেছিলেন! এক দিন দাঁড়িয়েছিলেন তাঁর একান্ত আত্মসমালোচনার আরশিটির মুখোমুখি৷ ভাগ্যিস তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন সেদিন! আর তাই সিনেমার ইতিহাস পেয়ে গিয়েছিল এই অক্লান্ত পদাতিককে৷ বাংলা সিনেমার খোলনলচে বদলে তখন উঠে আসছে দুটি ধারা৷ একদিকে সত্যজিত তাঁর নান্দনিকতা আর ভাবনায় জারিত করছেন সিনেমা শিল্পকে, অন্যদিকে ঋত্বিক ঘটক চলচ্চিত্রে লিখে চলেছেন সময়ের অভিশাপ আর অভিশাপ পেরিয়ে অনন্ত আশাবাদের আলো৷ ঠিক তার মধ্যেই স্বতন্ত্র, ঋজু ও বলিষ্ঠ এক স্বর হয়ে উঠে এসেছিলেন মৃণাল সেন৷ চলচ্চিত্র সমালোচনার সুবাদে দেশ ও বিদেশের চলচ্চিত্রের হাল হকিকত ছিল নখদর্পণে৷ বাস্তবতার অঙ্গীকার মেনে নিয়েই সিনেমা কোন নতুন আঙ্গিক পেতে পারে, এবার তারই খেলায় মাতলেন তিনি৷ প্রথম ছবিতেই অবশ্য নিজের স্বাক্ষর ফুটিয়ে তুলতে পারেননি৷ তবে তারপর এতে একে বাঙালি ঋদ্ধ হতে থাকে তাঁর সচেতন নির্মাণে৷ ফলে তাঁর ছবি হয়ে উঠল একেবারে অন্য ঘরানার৷ যে ঘরানায় দাঁড়িয়ে শোকাহত বাবার একটা ছোট্ট নমস্কারই প্রবল থাপ্পড় বেজে উঠতে পারে বাঙালির বুকে৷ টান দিতে পারে ভাবনা আর জীবনদর্শনের একেবারে মূল ধরে৷ আর এই করতে করতেই বাংলা সিনেমাকে তিনি প্রতত করে আন্তর্জাতিকার আঙিনায়৷ আখ্যানের ছাঁচ ভেঙে প্রবন্ধধর্মিতায় তিনি বাংলা সিনেমাকে হাজির করান এমন এক ভুবনে, যেখানে সিনেমা শিল্পের নিরিখে আন্তর্জাতিক হয়েও আয়না ধরতে পারে বাঙালির চোখের তারায়৷ আসলে তিনি মৃণাল সেন বলেই বোধহয় বাঙালির বাইশে শ্রাবণের শোকভেজা নস্ট্যালজিয়া ভেঙে তুলে ধরতে পারেন দুর্দশা-সংকট আর রিক্ততাটুকু৷ ছাত্রবস্থায় তিনিই তো সাক্ষী থেকেছিলেন কবিপ্রয়াণের জমায়েতে বাঙালির ভিড়ের উন্মাদনায় এক বাবার হাত থেকে মৃত শিশুর হারিয়ে যাওয়ার ঘটনায়৷ মননে বোধহয় সেদিনই পড়েছিল কালসিটে৷ সেই অভিঘাত, সেই কালসিটের ব্যাথা তিনি গোপন করেননি৷ বরং রূপোলি পর্দার মোহাবরণ মুক্ত করে, এই বাস্তবতার মুখোমুখিই তিনি দাঁড় করাতে চেয়েছিলেন দর্শককে৷ আর সেই লক্ষ্যের পথে প্রতিনিয়ত বেছে নিয়েছেন নতুন আঙ্গিক, নতুন নীরিক্ষা৷ ছবিতে ছবিতে রেখেছেন তাঁর বুড়ো আঙুলের ছাপ, যার অনুকৃতিও আজ অসম্ভবপ্রায়৷  বাংলা ছবি আজও তাই তাঁর সমীপে শিক্ষার্থী৷ আর বাঙালি দর্শকের কাছে তিনি হৃতগৌরবের জীবন্ত মাইলফলক৷

জন্মদিনে শ্রদ্ধা তাঁকে৷

The post ‘আগামী বছর যত বয়স হবে আমি তার থেকে এক বছরের ছোট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার