ব্যস্ত জীবনে ধুলোবালি আর দূষণে চুলের অবস্থা শোচনীয়। রুক্ষতা আর চুল পড়া এখন ঘরে ঘরে সমস্যা। অনেকে সমাধান খুঁজতে পার্লারে ছোটেন। কিন্তু পকেটের ওপর চাপ পড়ে বিস্তর। অথচ সামান্য পরিশ্রমে বাড়িতেই সম্ভব চুলের ভোলবদল। ঘরোয়া হেয়ার স্পা হতে পারে এর মোক্ষম দাওয়াই।
সামান্য পরিশ্রমে বাড়িতেই সম্ভব চুলের ভোলবদল
কী ভাবে করবেন হেয়ার স্পা? রইল সহজ কিছু ধাপ।
প্রথম ধাপ: তেল মালিশ
প্রথমেই প্রয়োজন চুলের গোড়ায় পুষ্টি। নারকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করে নিন। ১০-১৫ মিনিট ধরে স্ক্যাল্পে আলতো করে মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। চুলের গোড়া মজবুত হয়।
দ্বিতীয় ধাপ: ভাপ বা স্টিম
গরম জলে একটি তোয়ালে ভেজান। ভালো করে নিংড়ে মাথায় জড়িয়ে রাখুন ৫-১০ মিনিট। এতে রোমকূপ উন্মুক্ত হয়। তেলের গুণাগুণ চুলের গভীরে পৌঁছাতে পারে। তবে খুব বেশি গরম তোয়ালে ব্যবহার করবেন না।
তৃতীয় ধাপ: শ্যাম্পু করুন
এরপর সালফেট-মুক্ত কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন, যেন অতিরিক্ত ঘষাঘষি না হয়। চুলে জমে থাকা ময়লা ধুয়ে গেলেই পরবর্তী ধাপের জন্য চুল তৈরি হবে।
মাসে অন্তত দু’বার এই পদ্ধতি মেনে চলুন
চতুর্থ ধাপ: ঘরোয়া হেয়ার মাস্ক
এটাই স্পার আসল কারিকুরি। শুষ্ক চুল হলে ব্যবহার করুন কলা ও মধুর মিশ্রণ। রুক্ষতা কমাতে দই ও অ্যালোভেরা জেল দারুণ কাজ করে। মাস্কটি ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
পঞ্চম ধাপ: কন্ডিশনিং ও সঠিক পরিচর্যা
সবশেষে চুলের ডগায় হালকা কন্ডিশনার ব্যবহার করুন। ভুলেও স্ক্যাল্পে লাগাবেন না। শেষে তোয়ালে দিয়ে আলতো করে মুছে চুল শুকিয়ে নিন। ড্রায়ার এড়িয়ে চলাই ভালো।
মাসে অন্তত দু’বার এই পদ্ধতি মেনে চলুন। এতে চুল হবে নরম ও মসৃণ। কমবে চুল পড়ার সমস্যাও। সামান্য যত্নেই আপনি পেতে পারেন প্রাণবন্ত ও উজ্জ্বল চুল।
