shono
Advertisement
East Bengal

তিন ম্যাচ বাকি থাকতেই ফের ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, এবার সরাসরি এশিয়ার মূলপর্বে

গতবারও মহিলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মশাল গার্লস। এবার তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
Published By: Arpan DasPosted: 07:50 PM May 12, 2026Updated: 08:05 PM May 12, 2026

ফের ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা। গতবারও মহিলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মশাল গার্লস। এবার তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। মঙ্গলবার বিকেলে সেতু এফসি ও সেসা এফএ'র মধ্যে ম্যাচ ড্র হওয়ায় নিজেদের ম্যাচে নামার আগেই ফের লিগ খেতাব ঘরে তুলল লাল-হলুদ বাহিনী। সেই সঙ্গে এশিয়ার মঞ্চের মূলপর্বের ছাড়পত্র পেলেন ফাজিলা ইকাওয়াপুটরা।

Advertisement

মঙ্গলবার বিকেলে সেতু ও সেসার ম্যাচ ১-১ গোলে ড্র হয়। তার ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট সেতুর। রয়েছে দ্বিতীয় স্থানে। সেখানে ১১ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩০। মঙ্গলবার রাতেই নীতা ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সেতুর আর দু'টি ম্যাচ বাকি। যদি সেই দু'টো ম্যাচ জেতেও, তাহলে তাদের পয়েন্ট হবে ২৯। নীতার বিরুদ্ধে ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গলের বাকি রয়েছে তিনটে ম্যাচ। সেই ম্যাচে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল।

গোটা টুর্নামেন্ট জুড়ে দাপটের সঙ্গে খেলেছে অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। ১১টা ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে। একটি মাত্র হার। গোল করেছে ৩৮টি। সেখানে গোল হজম করেছে মাত্র ৫টি। ১৭টি গোল করে লিগের শীর্ষ গোলস্কোরার ফাজিলা। সব মিলিয়ে পরপর দু'বছর ভারতসেরা ইস্টবেঙ্গল। গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে জিতে মূল পর্বে ছাড়পত্র পেয়েছিল মশাল গার্লস। তবে এবার আর প্রাথমিক পর্বে খেলতে হবে না। যেহেতু গতবার মূলপর্বে একটি ম্যাচ জিতেছিল, তাই এই সুবিধা পাবে। যদিও প্রথম ম্যাচ জিতলেও আর নকআউটে যেতে পারেনি ইস্টবেঙ্গল। এবার সেই অধরা লক্ষ্যে নামবে ইস্টবেঙ্গল।

উল্লেখ্য, আইএসএল জয়ের দৌড়ে আছে ইস্টবেঙ্গলের পুরুষ দল। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে অস্কার ব্রুজোরা। তার মধ্যেই ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement