shono
Advertisement
Messi FIFA World Cup 2026

চেয়েছিলেন মেসিকে বিয়ে করতে! ফের গ্যালারিতে হাজির ১০০ বছরের ভক্ত, কে এই 'গ্যাংস্টার গ্র্যানি'?

'১০০ বছর বয়সি মেসির ভক্ত' প্ল্যাকার্ড হাতে নিয়ে ইতিমধ্যেই ভাইরাল ওই বৃদ্ধা। আবার মেসিকে দেখতে হাজির একরত্তি শিশু।
Published By: Arpan DasPosted: 11:02 AM Jun 23, 2026Updated: 06:13 PM Jun 23, 2026

লিওনেল মেসির ভক্ত ৮ থেকে ৮০। না, থুড়ি। ভুল বলা হল। মেসির (Messi) ভক্ত ১০০ বছরের বৃদ্ধাও। শুধু ভক্ত বললে কম বলা হয়, মহাভক্ত। ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ দেখতে হাজির শতায়ু পউলিনে কানা। ধবধবে সাদা চুল, মুখে হাসি, পরনে আর্জেন্টিনার জার্সি। '১০০ বছর বয়সি মেসির ভক্ত' প্ল্যাকার্ড হাতে নিয়ে ইতিমধ্যেই ভাইরাল তিনি। কে এই পউলিনে?

Advertisement

এবারই প্রথম নয়। এর আগেও চর্চায় এসেছিলেন এই ভক্ত। তবে পউলিনে কিন্তু শুধু মেসির জন্য নয়। আগে থেকেই জনপ্রিয়। নেটিজেনদের একটা অংশ তাঁকে চেনেন 'গ্যাংস্টার গ্র্যানি' হিসেবে। নাতি রস স্মিথের সঙ্গে কমেডি কন্টেন্ট বানান। গিনেস বিশ্বরেকর্ডেও নাম আছে তাঁর। টিকটকে প্রায় আড়াই কোটি ফলোয়ার আছে। এছাড়া ইউটিউব, ইনস্টাগ্রামেও প্রচুর ফলোয়ার আছে। তবে মেসির জন্যই জনপ্রিয়তা বেড়েছে পউলিনার।

বছর খানেক আগেও একবার মেসির ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন তিনি। সেবার দেখতে গিয়েছিলেন ইন্টার মায়ামির ম্যাচ। তখন হাতের পোস্টারে লেখা ছিল, 'মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?' ১০০ বছর বয়সি ভক্ত যেমন আছে, তেমন আছে দুধের শিশুও। ম্যাচের একবারে শেষ মুহূর্তে গ্যালারিতে দেখা যায়, একরত্তি এক শিশুকে উপরে তুলে ধরেছে। পরনে আর্জেন্টিনার জার্সি। সেই ছবিও ভাইরাল।

অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন মেসি। বিশ্বকাপে (FIFA World Cup 2026) সবচেয়ে বেশি গোলের নজির এখন আর্জেন্তিনীয় কিংবদন্তির নামে। ১৮ গোলে ভেঙে দিয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজের রেকর্ড। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন মেসি। পেনাল্টি কিকটা নিলেন বিশ্রীভাবে। বল টার্গেটেও রাখতে পারেননি। কিন্তু সেটার ক্ষতিপূরণ করলেন জোড়া গোলে। ম্যাচের ৩৮ মিনিটে বাঁপ্রান্ত থেকে আসা মাইনাসকে স্বভাবসিদ্ধ নিখুঁত দক্ষতায় জালে জড়ান মেসি। এই গোল বহুবার করেছেন, তবু তাতেও একই রকম মুগ্ধতা ভক্তদের চোখে। দ্বিতীয় গোলটি এল ম্যাচের একেবারে শেষের দিকে। অস্ট্রিয়া ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়িয়ে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement