তাঁর কোচিংয়ে আগের মরশুমে আইএফএ শিল্ড জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এছাড়াও আইএসএল কাপ, আইএসএল শিল্ড এসেছে মোলিনার হাত ধরে। তবে সুপার কাপ থেকে ছিটকে যাওয়া কিংবা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্রয়ের পর গত বছর নভেম্বরে মোহনবাগানে শেষ হয়েছিল হোসে মোলিনা (Jose Molina) যুগ। সেই মোলিনার এবার 'প্রোমোশন' হল। হন্ডুরাস জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন স্প্যানিশ কোচ।
মধ্য আমেরিকার দেশটির ফুটবল ফেডারেশন এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তাদের তরফে একটি বিবৃতিতে বলা হয়, 'নির্বাচন কমিটি এবং স্পোর্টিং ডিরেক্টর ফ্রান্সিস হার্নান্দেজের সঙ্গে বিস্তারিত আলোচনার পর নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক আন্তর্জাতিক কোচের প্রোফাইল নিয়ে মূল্যায়নের পর মোলিনাকেই উপযুক্ত বলে মনে করা হয়েছে। হন্ডুরাস জাতীয় দলের স্পোর্টিং প্রোজেক্টের জন্য তাঁর উপরে ভরসা রাখা হচ্ছে।'
মোলিনার আগে হন্ডুরাসের দায়িত্বে ছিলেন রেইনালদো রুয়েদা। এর আগে তাঁর কলম্বিয়া, ইকুয়েডর, চিলিরও কোচ ছিলেন। তবে তাঁর আমলে হন্ডুরাস কোয়ালিফায়ারে কোস্টারিকার সঙ্গে ড্র করে বিশ্বকাপে খেলার সুযোগ হারায়। তারপরই তাঁকে সরিয়ে দেওয়া হল। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক মোলিনার এবার লক্ষ্য থাকবে ২০৩০ সালের বিশ্বকাপে হন্ডুরাসকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করানো।
এই মুহূর্তে ফিফার ক্রমতালিকায় হন্ডুরাস রয়েছে ৬৫ নম্বরে। নতুন দায়িত্ব নিয়ে মোলিনাকে পুনর্গঠন করতে হবে তাঁকে। মোহনবাগান কোচ হিসাবে বরখাস্ত হওয়ার পর চার পর নতুন দায়িত্ব পেলেন তিনি। তবে এই প্রথম কোনও দেশের জাতীয় কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মোহনবাগান ছাড়াও এর আগে তিনি কোচিং করিয়েছেন অ্যাটলেটিকো সান লুইস, কিচি স্পোর্টস ক্লাব, গেটাফে বি ইত্যাদি দলের। এখন দেখার, নতুন দায়িত্বে তিনি কতটা সফল হন।
