shono
Advertisement

Breaking News

India vs Cape Verde

শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের

প্রাথমিকভাবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। কবে ভারতে খেলতে আসবেন ভোজিনহারা?
Published By: Subhajit MandalPosted: 10:17 PM Aug 18, 2026Updated: 02:06 PM Aug 19, 2026

৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ঘিরে এই মুহূর্তে সাজ সাজ রব। ম্যাচ আয়োজনের খুঁটিনাটি প্রস্তুতি চলছে। এরই মধ্যে আরও সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। শুধু ব্রাজিল নয়, সম্ভবত পুজোর আগেই আরও এক হাই প্রোফাইল প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারত। সেটা বিশ্বকাপে নজরকাড়া কেপ ভার্দের (India vs Cape Verde) বিরুদ্ধে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ভোজিনহাদের বিরুদ্ধে খেলার ব্যাপারে অনেকটাই এগিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

Advertisement

কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-এ। কিন্তু মন জিতে নিয়েছে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশটি। মরণপণ যুদ্ধে মহাশক্তিধর দেশগুলোকে সমানে টক্কর দিয়েছে তারা। কে ভেবেছিল ভোজিনহা-কাব্রালকেরা স্পেন-উরুগুয়েকে আটকে দেবেন? প্রবল চাপে রাখবেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপের সময় লোকের মুখে মুখে ঘুরেছে কেপ ভার্দের নাম। ব্রাজিল ম্যাচের পর ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন সেই ভোজিনহারাই। অন্তত তেমনই জল্পনা ভারতীয় ফুটবল মহলে।

ফেডারেশন সূত্রের খবর, প্রাথমিকভাবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। ওই ম্যাচটি ব্রাজিলের বিরুদ্ধে হাই প্রোফাইল প্রীতি ম্যাচের আগে বা পরে যে কোনও সময় হতে পারে। সম্ভাব্য সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে। অর্থাৎ পুজোর আগেই জোড়া ধামাকা উপহার পাচ্ছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফেডারেশনের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, "আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত-কেপ ভার্দে ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশ জোরাল। কবে-কোথায় খেলা হবে, সেটা ঠিক করা হবে দু'দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলেই।"

আপাতত ফেডারেশনের ফোকাস ব্রাজিল ম্যাচে। ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনের মিটিং করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতি অথবা শুক্রবার কলকাতায় আসতে পারেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের লোকজন। যুবভারতী ক্রীড়াঙ্গন খতিয়ে দেখার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রদের প্র্যাকটিস গ্রাউন্ড সহ শহরের কোন হোটেলে ফুটবলাররা থাকবেন, সব কিছু খতিয়ে দেখবেন ব্রাজিল কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement