চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইন্টার কাশী ম্যাচ জিতলেই প্রথমবার আইএসএল জিতবে লাল-হলুদ। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এতটাই তুঙ্গে, টিকিট খুঁজছেন স্বয়ং ইস্টবেঙ্গল কোচ।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় ডিস্ট্রিক্ট অ্যাপে টিকিট ছাড়া হল। ইন্টার কাশী এই ম্যাচের আয়োজক। অনলাইনে সাত থেকে আট হাজার টিকিট ছাড়া হয়েছে। বুধবার ইস্টবেঙ্গল ক্লাব ও কিশোরভারতীর পাশের লেক অ্যাথলেটিক ক্লাব থেকে টিকিট রিডাম্পশন করা হবে। সর্বনিম্ন টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়া ১০০০, ১৫০০ ও ২৫০০ টাকা দাম ধার্য্য করা হয়েছে। কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপে ৫০০ টাকার টিকিট শেষ। আপাতত শুধু ১০০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। তবে লাল-হলুদ সমর্থকদের চাহিদার সামনে সেটাই বা কতক্ষণ থাকে সেটা একটা প্রশ্ন। আসলে এই ম্যাচটি ইন্টার কাশীর হোম ম্যাচ। সেই ম্যাচে অতিরিক্ত দাম রাখা নিয়ে একরাশ অভিযোগ থাকলেও শেষমেশ কিছুই করার নেই ইস্টবেঙ্গলের।
এডমুন্ডের কার্ডের সিদ্ধান্তটি বিবেচনা করার জন্য ফেডারেশনকে অনুরোধ করলেও তার প্রত্যুত্তর আসেনি। কার্ড সমস্যা মিটিয়ে ফিরতে চলেছেন শৌভিক চক্রবর্তী। অন্যদিকে, এসসি দিল্লি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগানও। ডার্বির শেষে ক্রাচ নিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা গিয়েছিল জেসন কামিংসকে। এদিন তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি।
