shono
Advertisement
Mohun Bagan

পাঁচে পাঁচের লক্ষ্যে প্রতিপক্ষ বেঙ্গালুরু, রবসনকে ছাড়াই সুনীলদের বিরুদ্ধে নামবে মোহনবাগান

মহামেডান, ওড়িশা ম্যাচে বড় ব্যবধানে জিতলেও রক্ষণভাগকে একটি করে গোল খেতে হয়েছে। যদিও পাঁচ গোলে জয়ের ম্যাচে অতিরিক্ত আক্রমণের ঝাঁজ বাড়াতে গিয়ে এক গোল খাওয়াকে সমস্যা বলে মানতে নারাজ লোবেরা।
Published By: Arpan DasPosted: 10:23 AM Mar 14, 2026Updated: 10:53 AM Mar 14, 2026

আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ সের্জিও লোবেরা জানিয়েছিলেন, আরও দুটো অনুশীলন দেখার পর রবসন রবিনহোকে শনিবারের ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা বলতে পারবেন। বৃহস্পতিবার বিকেলেও দলের সঙ্গে পুরো অনুশীলন করতে পারেননি রবসন। শুক্রবার সকালে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে দলের অনুশীলনে রিহ্যাবই সারলেন এই ব্রাজিলিয়ান। ফলে শনিবার তাঁকে ছাড়াই বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান।

Advertisement

চার ম্যাচে চারটে জয়ের পর এই মুহূর্তে মোহনবাগানের আত্মবিশ্বাস তুঙ্গে। বিশেষ করে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস সমৃদ্ধ মোহনবাগানের আক্রমণভাগ। মহামেডান, ওড়িশা ম্যাচে বড় ব্যবধানে জিতলেও রক্ষণভাগকে একটি করে গোল খেতে হয়েছে। যদিও পাঁচ গোলে জয়ের ম্যাচে অতিরিক্ত আক্রমণের ঝাঁজ বাড়াতে গিয়ে এক গোল খাওয়াকে সমস্যা বলে মানতে নারাজ লোবেরা।

শনিবার মোহনবাগানের আক্রমণভাগে পরিবর্তন আনার সম্ভাবনা কম। মোহনবাগান কোচ বিশেষ ভাবে সতর্ক বেঙ্গালুরুর উইং প্লে নিয়ে। মোহনবাগানে গতবার খেলে যাওয়া আশিক কুরুনিয়ান রয়েছেন এবারের বেঙ্গালুরু দলে। গোলের মধ্যে রয়েছেন রায়ান উইলিয়ামসও। যদি অভিজ্ঞ সুনীল, আশিক, রায়ানদের আটকাতে গিয়ে যদি রক্ষণে টম অলড্রেড ও আলবার্তো রডরিগেজকে প্রথম একাদশে খেলান লোবেরা, সেক্ষেত্রে জেসন কামিংসকে পরিবর্ত হিসাবে নামতে হবে। গত ম্যাচে রক্ষণে এক বিদেশি হিসেবে আলবার্তোকেই ব্যবহার করেছিলেন লোবেরা। মোহনবাগান যেখানে মহামেডানকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে ওড়িশা ম্যাচে নেমেছিল, সেখানে বেঙ্গালুরু বিদেশিহীন মহামেডানকে শেষ ম্যাচে ২-১ গোলে হারিয়েছে। সুনীলদের এই জয়কে তাই সহজ বলা যাবে না। এবারের আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান।

যেহেতু ভারতে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তাই বেঙ্গালুরুর মাঠে সুনীলদের হারানো যে কঠিন কাজ সেটা ভালোভাবেই জানেন লোবেরা। সুনীলদের বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, "ট্রফি জিততে হলে এই ধরনের কঠিন ম্যাচ জিততেই হবে। অ্যাওয়ে ম্যাচ সবসময় কঠিন, বিশেষ করে বেঙ্গালুরুর মাঠে। এখন পর্যন্ত যেভাবে খেলতে পেরেছি তাতে আমরা খুশি। কিন্তু ফুটবলে সবসময় বর্তমানটাই গুরুত্বপূর্ণ, তাই অতীত ভুলে পরের ম্যাচের দিকেই তাকাতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। বেঙ্গালুরুর মতো ভালো দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে হবে। এটা আমাদের জন্য ভালো পরীক্ষাও হবে। আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।" তবে বেঙ্গালুরুকে গুরুত্ব দিলেও সুনীলকে অতিরিক্ত সমীহ করতে নারাজ লোবেরা। এবারে বেঙ্গালুরুর কোচের দায়িত্বে রয়েছেন রেনেডি সিং।

আজ আইএসএলে
বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান
বেঙ্গালুরু
সন্ধ্যা ৭.৩০ সোনি স্পোর্টস ও ফ্যান কোড

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement