এ মরশুমে আইএসএল সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছে ফ্যানকোড। যার অর্থ এতদিন জিওহটস্টারে আইএসএলের ম্যাচগুলি দেখা গেলেও এবার দেশের শীর্ষ লিগ দেখা যাবে ফ্যানকোডে। তবে সেটা বিনামূল্যে নয়। ফুটবলপ্রেমীদের ভালোরকম গাঁটের কড়ি খরচ করতে হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, আইএসএলের প্রতিটা ম্যাচ দেখতে খরচ হবে ২৫ টাকা। অর্থাৎ কোনও সমর্থক যদি নির্দিষ্ট একটি ম্যাচ দেখতে চান তাহলে তাঁকে ২৫ টাকা খরচ করতে হবে। নির্দিষ্ট একটি ক্লাবের সব খেলা দেখতে চাইলে এককালীন খরচ করতে হবে ১৯৯টাকা। অর্থাৎ শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডানের সব খেলা দেখতে চাইলে ১৯৯ টাকা খরচ করতে হবে। গোটা মরশুমের সব খেলা দেখার জন্য খরচ করতে হবে ২৯৯ টাকা। তবে বিশেষ কিছু কোড ব্যবহার করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রথমে ফ্যানকোড ভেবেছিল নিজেদের প্ল্যাটফর্মেই এবারের আইএসএল দেখাবে তারা। কিন্তু ক্লাবগুলো চাপ দিতে শুরু করে টেলিভিশনে ম্যাচ দেখানোর বিষয়টি নিয়ে। তখন থেকেই শোনা যাচ্ছিল, ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধেই টেলিভিশনে আইএসএল দেখাবে সোনি স্পোর্টস। এর জন্য ফ্যানকোডকে একটি নির্দিষ্ট অর্থ দেবে সোনি। সব ঠিক থাকলে ১৪ ফেব্রুয়ারি থেকেই সব ম্যাচ সোনি স্পোর্টসের পর্দায় দেখা যাবে। ডুরান্ড কাপ সম্প্রচার করেছিল সোনি স্পোর্টস। তারপর থেকেই ভারতীয় ফুটবলে আসতে চাইছিল এই সংস্থা। শুধুমাত্র এবারের আইএসএলে নয় সোনি চাইছিল দীর্ঘ মেয়াদিভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে। কিন্তু শুধুমাত্র একটা আইএসএল করার ক্ষেত্রে আগ্রহ দেখাতে নারাজ ছিল। সেই জন্যই শুধুমাত্র এবারের আইএসএল স্বত্ব পাওয়ার বিষয়ে সরাসরি দরপত্র তোলেনি তাঁরা।
কিন্তু ফ্যানকোড যখনই ৮.৬২ কোটি টাকায় এবারের আইএসএলের টেলিভিশন ও ডিজিট্যাল সম্প্রচারের স্বত্ব পেয়েছিল তখন থেকেই আবার সোনির নাম ভেসে উঠেছিল। তার কারণ, ফ্যানকোডের ডিজিটাল মাধ্যম থাকলেও তারা টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা নয়। অথচ টেলিভিশন স্বত্বও তাদের কাছে ছিল। অন্যদিকে, আইএসএল ক্লাবগুলো চাইছিল আইএসএলের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডিজিটাল মাধ্যমের পাশাপাশি টেলিভিশনেও দেখাক। ফলে সোনি এবং ফ্যানকোড গাঁটছড়া বেঁধেছে। এখন যা পরিস্থিতি তাতে আইএসএলের সব ম্যাচ টিভিতে দেখা যাবে সোনিতে। আর ফ্যানকোডে দেখতে গাঁটের কড়ি খরচ করতে হবে ফুটবলপ্রেমীদের।
