shono
Advertisement

Breaking News

Minerva Academy FC

হালান্ডের দেশের ক্লাবকে ১৩ গোল, ভারতের বিশ্বকাপ হা-হুতাশে আশার আলো মিনার্ভা অ্যাকাডেমি!

রঞ্জিত বাজাজের দল যাদেরকে হারাল, সেই ক্লাবের সিনিয়র দলের কোচ নরওয়ে তারকা মার্টিন ওদেগার্ডের বাবা।
Published By: Arpan DasPosted: 02:29 PM Jul 15, 2026Updated: 04:35 PM Jul 15, 2026

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। ভারতও সেই তালিকায় পিছিয়ে নেই। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ডের দাপটের মধ্যেও একটাই প্রশ্ন- ভারত কবে খেলবে? আদৌ খেলতে পারবে কি? নানা মুনির নানা মত। তবে সার্বিক হা-হুতাশের মধ্যে আশার আলো দেখাচ্ছে মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলাররা। যে আর্লিং হালান্ডদের নিয়ে এত মাতামাতি, ঐতিহ্যশালী গোথিয়া কাপে সেই নরওয়ের ক্লাবকে ১৩-১ গোলে হারাল মিনার্ভা (Minerva Academy FC)।

Advertisement

সুইডেনের এই টুর্নামেন্টকে যুব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট বলে ধরা হয়। এর আগে দু'বার এই গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে রঞ্জিত বাজাজের মিনার্ভা অ্যাকাডেমি। কিছুদিন আগে হেলসিঙ্কি কাপও জিতেছে তারা। এবার গোথিয়া কাপে অনূর্ধ্ব-১২ পর্যায়ে দাপটের সঙ্গে অভিযান শুরু করল মিনার্ভা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের প্রেপ স্কুল অ্যাকাডেমিকে ১২-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে সামনে ছিল নরওয়ের ক্লাব লিলেস্ট্রম এসকে। যাদেরকে ১৩-১ গোলে হারিয়েছে মিনার্ভা।

তার মধ্যে ৪ গোল কিপজেনের। দু'টি করে গোল হাওকিপ, অশ্বিনের। একটি করে গোল করেছে পাইখোম্বা, নংড্রেন, পোতোভেই, ওয়াংশেম ও ডোনাল্ড। এই লিলেস্ট্রম ক্লাবটি নরওয়ের প্রথম ডিভিশনে খেলে। গতবার চতুর্থ স্থানে শেষ করেছে। এই ক্লাবের সিনিয়র দলের কোচের নাম হান্স এরিক ওদেগার্ড। যিনি নরওয়ে ও ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী দল আর্সেনালের অধিনায়ক মার্টিন ওদেগার্ডের বাবা। সেই দলকে ১৩ গোল দিল মিনার্ভা। হালান্ডের দেশের ক্লাবকে দুরমুশ করার আগে ভাইরাল মিনার্ভা অ্যাকাডেমির কর্তা রঞ্জিত বাজাজের স্লোগান। যেখানে খুদে প্লেয়ারদের হাতে হাত রেখে তিনি ধ্বনি তুলছেন, "ভারত মাতা কি জয়।" মিনার্ভার পরের ম্যাচ বুধবার বিকেলে সুইডেনের ক্লাব সুর্টে আইএস এফকে-র বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement