জীবনের নতুন ইনিংস শুরু করলেন মোহনবাগান তারকা দীপক টাংরি। দীর্ঘদিনের সঙ্গী শিবানী দুগ্গলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। সোশাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।
২০২৪ সালের জুন মাসে শিবানীর সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আনেন দীপক। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ ছিল। অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল। নতুন মরশুম শুরুর আগেই বিয়ে সেরে ফেললেন মোহনবাগানের মিডফিল্ডার। মাসখানেক আগে শিবানীর সঙ্গে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন দীপক টাংরি। সেই ভিডিও পোস্ট করে টাংরি লেখেন, 'আমরা সবাই এই সময়ের যাত্রী। পথিক মাত্র। এখানে আমরা কেবলই শিখি। বিকশিত হই। একে অপরকে ভালোবাসতে শিখি।' এহেন টাংরি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শনিবার।
শিবানীর বিয়ের সাজ ছিল নজরকাড়া। রাস্ট অরেঞ্জ ও সোনালি রঙের লেহেঙ্গা পরেছিলেন। যার উপর সোনালি জরির নিখুঁত কাজ। সাজে বৈচিত্র্য আনতে দু’টি ওড়না ব্যবহার করেন। একটি ওড়না মাথায় পাঞ্জাবি কনের ট্র্যাডিশনাল স্টাইলে শোভা পেয়েছে। সেখানে সোনালি এমব্রয়ডারি ও রঙিন ফুলের নকশা মন ছুঁয়ে যায়। অন্যটি ঘোমটার মতো করে নিয়েছিলেন। ফ্যাশন কনটেন্ট নির্মাতা হিসাবে পরিচিত শিবানী সোশাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। তাঁর এই ব্রাইডাল লুক প্রশংসা কুড়িয়েছে।
এই সবের মধ্যে ঘটা করে নজর কেড়েছে কনের গয়নাও। সেখানে তিনি আঁকড়ে ধরলেন সংস্কৃতিকে, শিকড়কে। কুন্দনের হার ও সবুজ মুক্তো লাগানো মাঙ্গটিকা পরেছিলেন। হাতে কমলা চূড়া, কলিরে। সঙ্গে মানানসই কানের দুল। কপালে একচিলতে সবুজ টিপ। হাতে মেহেন্দি ও বাদামি রঙের লিপস্টিকে বেশ ঝলমলে দেখাচ্ছিল শিবনীকে। দীপকের বরবেশও নজর কাড়ে। পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। তাতেও সোনালি সুতোর কাজ। রাজার মতো লাগছিল তাঁকে। কনের পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছিল। উল্লেখ্য, গত মরশুমে সুপার কাপে মোহনবাগানের অধিনায়ক হয়েছিলেন দীপক টাংরি। সেই সময় তিনি জানিয়েছিলেন, সবুজ-মেরুনের অ্যাকাডেমিতে খেলার সময় থেকেই স্বপ্ন দেখতেন মোহনবাগানের অধিনায়ক হওয়ার।
