shono
Advertisement
East Bengal

'একবছরের মধ্যে ভারতসেরা বানাব', বলছেন ইস্টবেঙ্গল সভাপতি, উন্নতির পথ খুঁজলেন বাইচুংও

রবিবার ছিল লাল-হলুদ ক্লাবের নবরূপকার দীপক (পল্টু) দাসের ২৫তম প্রয়াণ বার্ষিকী। তাঁর আদর্শকে সামনে রেখে 'দীপক জ্যোতি' সম্মানে সম্মানিত করা হল গুণিজনদের।
Published By: Prasenjit DuttaPosted: 08:12 PM Mar 22, 2026Updated: 09:04 PM Mar 22, 2026

রবিবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের নবরূপকার দীপক (পল্টু) দাসের ২৫তম প্রয়াণ বার্ষিকী। তাঁর আদর্শকে সামনে রেখে 'দীপক জ্যোতি' সম্মানে সম্মানিত করা হল গুণিজনদের। ধনধান্য অডিটোরিয়ামে ইস্টবেঙ্গল সভাপতি মুরালিলাল লোহিয়া আশ্বাস দেন, এক বছরের মধ্যে ভারতের সেরা দল হবে ইস্টবেঙ্গল। উপস্থিত ছিলেন 'পাহাড়ি বিছে' বাইচুং ভুটিয়াও। তিনিও ক্লাবের উন্নতির পথ বাতলে দেন।

Advertisement

ক্লাব সভাপতি মুরালিলাল লোহিয়ার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি বলেন, "পল্টুদা বেঁচে থাকলে হয়তো এত দেরি হত না। তবে কথা দিচ্ছি পল্টুদা, তোমার দলকে ভারতের সেরা দল বানাব। চ্যাম্পিয়ন করাব।" উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে সর্বভারতীয় স্তরে তেমন কোনও সাফল্য পায়নি লাল-হলুদ। ২০২৪ সালে ওড়িশা এফসি'কে হারিয়ে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। যদিও তার আগে এবং পরে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে সাফল্য আসেনি। এবারের আইএসএলের শুরুটা অসাধারণ করেছিল ইস্টবেঙ্গল। তবে প্রথম দুই ম্যাচ জয়ের পর কেমন যেন খেই হারিয়ে ফেলেছে অস্কার ব্রুজোর দল। টানা তিন ম্যাচ পয়েন্ট খুইয়েছে তারা। এই পরিস্থিতিতে ক্লাব সভাপতির মন্তব্য উঠে এল।

অনুষ্ঠানে উদ্বোধন হল স্মারক পুস্তিকা। অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসর ড. সমিত রায়কে ফুটবল এবং ক্রিকেটে অবদানের জন্য দীপক জ্যোতি সম্মান জানানো হয়। লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে দীপক জ্যোতি সম্মান দেওয়া হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সম্মান পেলেন বিশিষ্ট চিকিৎসক ডা. রাজা ধর, আইনজীবী জয়ন্ত মিত্রও। ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যানসার ট্রাস্টের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হল। যা তুলে দিলেন ইস্টবেঙ্গল সভাপতি মুরারিলাল লোহিয়া ও প্রাক্তন সভাপতি ডা. প্রণব দাশগুপ্ত। তাছাড়াও সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের উইমেন্স টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। ছিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ ও ম্যানেজার মৌমি পাল।

প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াকে দীপক জ্যোতি সম্মান জানাল ইস্টবেঙ্গল ক্লাব। তিনি বলেন, "ইস্টবেঙ্গলের যে দলটি আইএসএল খেলছে তার সঙ্গে ইস্টবেঙ্গল তাঁবুর যেন এক বিশাল তফাত তৈরি হয়েছে। এটাকে অতি দ্রুত কমিয়ে এক ছাদের তলায় আনতে হবে।" উল্লেখ্য, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচের আগেই ফোকাসটা নড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। সাংবাদিক সম্মেলনে কোথায় প্রতিপক্ষকে নিয়ে নিজের স্ট্র্যাটেজি নিয়ে মাথা ঘামাবেন তা নয়, খোদ ক্লাব কর্তাদের ইঙ্গিত করে সুর চড়া করেছিলেন লাল-হলুদ কোচ। শনিবার ইস্টবেঙ্গল-কেরালা ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ক্লাব কর্তাদের বিরুদ্ধে অস্কার ব্রুজোর একাধিক অভিযোগ। তবে তাঁর উপর আপাতত আস্থা রেখেছেন লাল-হলুদ ম্যানেজমেন্ট। সোমবার তাদের সামনে মহামেডান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement