প্রয়াত টুটু বোসের (Tutu Bose) স্মরণসভা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium)। তাতে উপস্থিত থাকবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও অনেকেই সেই স্মরণসভায় উপস্থিত থাকতে পারেন বলে খবর।
বুধবার মোহনবাগান তাঁবুতে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তদের কাছে প্রস্তাব দেন স্বপনসাধন (টুটু) বোসের মতো মানুষের স্মরণসভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার জন্য। তিনি ইন্ডোর স্টেডিয়াম দিয়ে দেবেন বলে মোহনবাগানের দুই শীর্ষ কর্তাকে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে সম্মান জানিয়ে এই স্মরণসভা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মোহনবাগান তাঁবুতে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকও।
টুটুবাবুকে শেষশ্রদ্ধায় মুখ্যমন্ত্রী। ফাইল ছবি।
মোহনবাগান তাঁবু থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "মোহনবাগান ক্লাব, সমর্থক ও টুটুবাবুর সকল শুভানুধ্যায়ীদের প্রতি সহানুভূতি জানাতে আমরা এসেছি। মোহনবাগান সমর্থকদের কাছে আজকের দিনে আমার একটাই প্রার্থনা, যে আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওঁর প্রতি আসল শ্রদ্ধা।" তিনি আরও বলেন, "টুটুবাবুর প্রয়াণ ভারতীয় ও বঙ্গ ফুটবলের জন্য বিরাট ক্ষতি। তবে উনি মোহনবাগানের দায়িত্ব সামলানোর জন্য পরবর্তী প্রজন্মকেও তৈরি করেছেন। ওঁর ভাবনাচিন্তার পরিধি খুব বড় ছিল।"
এদিন টুটু-পুত্র সৃঞ্জয় বোসকে ফোন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান তাঁর পরিবার ও পৌত্র অরিঞ্জয়কে। সামাজিক মাধ্যমেও বার্তা দেন তিনি। পাশাপাশি প্রাক্তন মোহনবাগান সভাপতির মৃত্যুতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শোক প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, "বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব, প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপনসাধন বোস (টুটু)-এর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকাহত পরিবার ও অনুগামীদের প্রতি জানাই গভীর সমবেদনা।"
