shono
Advertisement

Breaking News

Balcony Garden

একফালি বারান্দায় বাগান করতে চান? বীজ কেনার আগে মনে রাখুন এই ৬ পরামর্শ

বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে বীজ কিনুন। অনলাইনে কিনলে বিক্রেতার রিভিউ, প্যাকেটের ছবি, উৎপাদন ও মেয়াদের তথ্য এবং বীজের বিবরণ ভালো করে পড়ে নিন।
Published By: Utsa TarafdarPosted: 04:40 PM Aug 26, 2026Updated: 04:40 PM Aug 26, 2026

বারান্দার একফালি অংশে গাছ বসাতে চান (Balcony Garden), তাই সবার প্রথমেই দরকার উচ্চমানের বীজ। কিন্তু বাজারে যত রকমের বীজ পাওয়া যায়, তার মধ্যে আপনার বাগানের জন্য উপযুক্ত কোনটা, বুঝবেন কীভাবে? বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। সুন্দর ফুল বা পছন্দের সবজির নাম দেখে বীজ কিনে ফেললেই চলবে না। অনেক কিছু দেখে তবেই সঠিক বীজ বেছে নেওয়া যায়।

Advertisement

১। বীজ কেনার আগে, ছাদ বা বারান্দাটি ভালো করে লক্ষ্য করুন। দিনে কত ঘণ্টা সরাসরি সূর্যের আলো আসে, তার উপরেই নির্ভর করছে সবটুকু। কিছু গাছের জন্য ৬-৮ ঘণ্টা রোদ দরকার হয়, আবার কিছু গাছ ছায়াতেও ভালোভাবে বেড়ে ওঠে। যদি দীর্ঘ সময় রোদ থাকে, তাহলে টোম্যাটো, লঙ্কা, ঢেঁড়স অথবা নয়নতারা, জুঁই, সূর্যমুখীর মতো গাছ করা যায়। ছায়া বেশি থাকলে ধনেপাতা, পুদিনা, পালং অথবা পিস লিলি, ওয়ান্ডারিং জিউ, স্নেক প্ল্যান্ট প্রভৃতি উপযোগী হতে পারে।

২। বারান্দার বাগানে সাধারণত জায়গা সীমিত থাকে। তাই বড় আকারের গাছের পরিবর্তে কমপ্যাক্ট বা ডোয়ার্ফ জাতের বীজ বেছে নেওয়া সুবিধাজনক। বীজের প্যাকেটে ‘ডোয়ার্ফ’, ‘কমপ্যাক্ট’, ‘বুশ’ বা ‘কন্টেনার-ফ্রেন্ডলি’-এর মতো শব্দ রয়েছে কি-না দেখে নিন।

৩। বীজ কেনার সময় প্যাকেটের গায়ে লেখা তারিখ দেখে নিন। পুরনো বীজ থেকেও গাছ জন্মাতে পারে, তবে সময়ের সঙ্গে বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে যায়। প্যাকেটটি ভালোভাবে সিল করা কি-না, ভিতরে আর্দ্রতা ঢোকার কোনও সম্ভাবনা রয়েছে কি-না, সেটিও দেখে নিন।

৪। ভালো বীজের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার অঙ্কুরোদ্গমের হার (জারমিনেশন রেট)। অঙ্কুরোদ্গমের হার যত বেশি, নির্দিষ্ট সংখ্যক বীজ থেকে চারা পাওয়ার সম্ভাবনাও তত বেশি। আপনি নতুন বাগানি হলে, এমন বীজ বেছে নেওয়া ভালো, যেগুলির অঙ্কুরোদ্গম তুলনামূলকভাবে সহজ ও দ্রুত।

৫। সব গাছ সব ঋতুতে সমানভাবে ভালো হয় না। বিশেষ করে ভারতের মতো বৈচিত্র্যময় আবহাওয়ার দেশে একই বীজ এক অঞ্চলে ভালো ফল দিলেও অন্য অঞ্চলে ভিন্ন ফল দিতে পারে। তাই বীজ কেনার আগে সেই গাছের বপনের উপযুক্ত সময় জেনে নিন।

৬। একসঙ্গে অনেক ধরনের বীজ না কিনে প্রথমে ৩-৪ ধরনের গাছ দিয়ে শুরু করা ভালো। এতে প্রতিটি গাছের যত্ন নেওয়া এবং তার বৃদ্ধির ধরন বোঝা সহজ হবে। কম জায়গায় একগাদা বীজ বসাবেন না, এতে কোন গাছই ভালোমতো বাড়তে পারবে না।

বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে বীজ কিনুন। অনলাইনে কিনলে বিক্রেতার রিভিউ, প্যাকেটের ছবি, উৎপাদন ও মেয়াদের তথ্য এবং বীজের বিবরণ ভালো করে পড়ে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement