পথকুকুরদের রাস্তাঘাট, পার্ক, হাসপাতাল, রেলস্টেশনের মতো জনবহুল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে? সুপ্রিম কোর্টে এখনও মামলার মীমাংসা হয়নি। এর মধ্যেই এবার পাঞ্জাবে একদল হিংস্র পথকুকুরের হামলায় মৃত্যু হল ৪ বছরের এক শিশুর।
রবিবার সন্ধ্যায় তান্দা থানার অন্তর্গত ওহারপুর-বাস্সি জালাল লিঙ্ক রোড এই ঘটনা ঘটেছে। পথকুকুরের হামলার মুখে পড়ে এক পরিযায়ী শ্রমিকের সন্তান। রাম জীবনের বাড়ি উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। তিনি এবং তাঁর স্ত্রী প্রীতি ধান রোপণের কাজ করতে পাঞ্জাবের বাসি জালাল গ্রামে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, ৪ বছরের মেয়ে গুনগুনকে একটি টিউবওয়েলের কাছে গাছের তলায় রেখে যান দম্পতি। ১০০ মিটার দূরের খেতে কাজ করছিলেন তারা। আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ ৭টি কুকুরের একটি দল হামলা করে শিশুটিকে। কার্যত শিশুকে ছিড়ে খায় হিংস্র কুকুরের দল। খানিক সময় পরে সন্তানের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন দম্পতি। রাম জীবন, প্রীতি এবং অন্য খেত শ্রমিকরা কুকুরগুলিকে তাড়িয়ে রক্তাক্ত গুনগুনকে উদ্ধার করেন।
দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে হোসিয়ারপুরের বড় হাসপাতালে রেফার করা হয় তাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় হোসিয়ারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গুনগুকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে তান্ডা থানার পুলিশ।
