shono
Advertisement

Breaking News

Himachal Pradesh

উত্তরাখণ্ডের পর হিমাচলেও হড়পা বান, ভেসে গেল সেতু! জিপলাইনে উদ্ধার ৪০০ পর্যটক

মঙ্গলবার উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৫০ জন।
Published By: Kishore GhoshPosted: 09:20 AM Aug 07, 2025Updated: 09:51 AM Aug 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে প্রলয়-রূপ ধারণ করে পাহাড়ি নদী ক্ষীরগঙ্গা। হড়পা বানে কার্যত ধুয়ে সাফ হয়ে যায় ধারালি নামের একটি গ্রাম। কাছেই হর্ষিল সেনাছাউনির ১১ জন সেনাকর্মী নিখোঁজ হন। বুধবার একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হিমাচল প্রদেশের কিন্নরে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যায় টাংলিং নালার উপরের অস্থায়ী দুটি সেতু। আটকে পড়েন বহু পর্যটক। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জিপলাইনে উদ্ধার ৪১৩ জন পর্যটক। সকলেই তীর্থযাত্রী বলে জানা গিয়েছে।

Advertisement

কিন্নরে হড়পা বানের খবর পাওয়া মাত্র প্রশাসনের নির্দেশে উদ্ধারকাজে নামে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা  আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। রীতিমতো পর্বতারোহণের দক্ষতায় ৪১৩ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়। এদিকে উত্তরকাশীর বিপর্যস্ত ধারালি গ্রাম থেকে বুধবার ১৩০ জন পর্যটককে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের খাবার এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।               

গতকালকের দুর্যোগের পর একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, জলের তোড়ে বাড়ি, হোমস্টে, দোকান ভেসে গিয়েছে। ধারালির একটা গ্রামের প্রায় অর্ধেক জলের তলায়। উদ্ধারকারীদের আশঙ্কা, এখনও বহু মানুষ আটকে রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ। এমনকী হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ড করতে পারছে না। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হলেও তা টানা বৃষ্টির জন্য বাধা পাচ্ছে। এর মধ্যেই হরিদ্বার, নৈনিতাল ও উধম সিং নগরে অতিবৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য অঞ্চলগুলিতে রয়েছে কমলা সতর্কতা।

দেরাদুনের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোরা বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ। উত্তরাখণ্ড জুড়ে অন্তত ১৬৩টি রাস্তা বন্ধ। তার মধ্যে আছে পাঁচটি জাতীয় সড়ক ও সাতটি রাজ্য সড়ক। রাজধানী দেরাদুন থেকে ১৪০ কিলোমিটার দূরের দুটি সীমান্তবর্তী সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গমস্থানে উদ্ধারকার্য চালাতে আরও সমস্যা হচ্ছে।

এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে ৩৫ সদস্যের তিনটি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো রয়েছে। আরও দুটি দলকে দ্রুত উদ্ধারে পাঠানো হবে। রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীর জল বিপদসীমার কাছে রয়েছে। যে কারণে কেদারনাথ তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেবভূমির উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতকালকের দুর্যোগের পর একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, জলের তোড়ে বাড়ি, হোমস্টে, দোকান ভেসে গিয়েছে।
  • এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে।
Advertisement