চলতি বছরই ভোট রয়েছে তামিলনাড়ুতে। তার আগে বিজেপির উপর চাপ বাড়াল শরিকদল এআইএডিএমকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত দলনেত্রী জয়ললিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাল তারা। তবে এবিষয়ে গেরুয়া শিবিরের কোনও নেতা এখনও মুখ খোলেনি।
সোমবার রাজ্যসভায় এআইএডিএমকে-র সাংসদ এম ধনপাল বলেন, “জয়ললিতা ছিলেন একজন দূরদর্শী নেত্রী ছিলেন। তিনি মানবিকতা, প্রশাসনিক দক্ষতা এবং সাহসের সমন্বয় ঘটিয়েছিলেন।” জয়ললিতাকে ‘কল্যাণমূলক প্রকল্পের জননী’ আখ্যা দিয়ে ধনপাল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।এ র মধ্যে উল্লেখযোগ্য হল অম্মা ক্যান্টিন (স্বল্পমূল্যে খাবার), অম্মা ফার্মেসি, ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ ও সাইকেল বিতরণ ইত্যাদি। এরপরই ধনপাল বলেন, “জয়ললিতার মতো নেত্রীকে অবিলম্বে ভারতরত্ন দেওয়া হোক।
চলতি বছর অসম, তামিলনাড়ু, কেরল, বাংলা এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা ভোট রয়েছে। তামিলনাড়ুতে এআইএডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। কিন্তু সম্প্রতি আসন বণ্টন নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে এআইএডিএমকে প্রধান পলানীস্বামীর সঙ্গে টানাপড়েন চলছে। এই পরিস্থিতিতেই ‘তামিলনাড়ুর আম্মা’কে ভারতরত্ন দেওয়ার দাবি তুলল জয়ললিতার দল। এর ফলে স্বাভাবিকভাবেই বিজেপির উপর চাপ বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
