সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের মাত্র তিনদিন আগে, গ্রেপ্তার করা হল অন্ধ্রপ্রদেশের পুরদপ্তরের এক আধিকারিককে। তার কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকার বেনামি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিরডিতে একটি পাঁচতারা হোটেল ও বিজয়ওয়াড়ার কাছে প্রায় ৩০০ একর জমি রয়েছে তার নামে।
[নগ্ন যৌনকর্মীদের কথা বলে সাধ্বীদের উসকানি দিত রাম রহিম!]
সোমবার রাতে বিশাখাপত্তনমে নিজের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। তার কাছে ৫০০ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত গোল্লা ভেঙ্কট রঘুরামি রেড্ডি, পুরদপ্তরের প্রশাসনিক পদে ছিলেন। তদন্তকারী আধিকারিকরা বিশাখাপত্তনমের বাড়ি ছাড়াও, তল্লাশি চালিয়েছেন আরও ১৫টি জায়গায়। যার মধ্যে রয়েছে বিজয়ওয়াড়া, তিরুপতি ও মহারাষ্ট্রের সিরডি এলাকা। এই সবকটি জায়গায় তার নিজের বাড়ি আছে। আছে হোটেল ব্যবসা। এই জায়গাগুলিতে অভিযান চালানোর পরই তাঁকে গ্রেপ্তার করে এসিবি।
সূত্রের খবর, সিরডির সাই সুরাজ কুঞ্জে একটি বিলাসবহুল হোটেল রয়েছে রেড্ডির। গান্নাভরমে রয়েছে ৩০০ একরের বহু মূল্যবান জমি। এমনকী রেড্ডি যে বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে এসিবি আধিকারিকরা নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করেছেন।
এসিবি ডিরেক্টর আরপি ঠাকুর বলেন, রেড্ডির বিভিন্ন বাড়ি ও হোটেলগুলিতে গত সোমবার থেকে অভিযান শুরু হয়। এক সপ্তাহ পরে সেই অভিযান শেষ হল। এখনও পর্যন্ত পাওয়া সম্পত্তির হিসেব অনুযায়ী রেড্ডির সম্পত্তির মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। তবে এখনও রেড্ডির ব্যাঙ্ক লকারগুলিতে তল্লাশি চালানো হয়নি। তিনি আরও বলেন, রেড্ডির আয় মাসে প্রায় ১ লাখ টাকা ছিল বলে জানা গিয়েছে। তারপরেও এত অর্থ ও সম্পত্তি কি করে এলো, তার উৎস খুঁজছেন তদন্তকারী অফিসাররা। আগামী বুধবার অবসর নেওয়ার কথা অভিযুক্তের। অবসর উপলক্ষ্যে বিদেশে বড়সড় পার্টি করার পরিকল্পনা ছিল তার। এমনকি সে নিজেই সমস্ত বিমানের টিকিট কেটেছিল। ভাড়া করা হয়েছিল বিলাসবহুল রিসর্ট।
[বোরখার আড়ালে কি হানিপ্রীত? তোলপাড় দিল্লি]
শুধু রেড্ডির নিজের বাড়িই নয়, তদন্তকারী আধিকারিকরা তার বেশ কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালান। সেখান থেকে মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এসিবির প্রায় পনেরোটি দল তল্লাশি চালায় বিভিন্ন জায়গায়। গুন্টুর, চিত্তোর মঙ্গলগিরিতেও মিলেছে বেনামি সম্পত্তির হদিশ। কয়েক কেজি সোনা ও উনিশ কোটি টাকার হিরে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর একটি ওয়াশিং মেশিনের মধ্যে থেকে এগুলি উদ্ধার করা হয়। রেড্ডির স্ত্রী গায়ত্রীর নামে ১৬ টি ফ্ল্যাট ও একশো একরেরও বেশি জমি আছে বলে জানতে পেরেছে এসিবি।
The post ৫০০ কোটির বেনামি সম্পত্তির মালিক পুরদপ্তরের আধিকারিক! appeared first on Sangbad Pratidin.
