এক্সিট পোলের ইঙ্গিতমতোই ফলাফল হল চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে। দু'শোর বেশি আসন পেয়ে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। এই প্রথমবার বাংলায় প্রতিষ্ঠিত হতে চলেছে বিজেপির সরকার। প্রতিবেশী অসমেও ছবিটা একইরকম। অসমে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মতো গোটা দেশে বামদের দুর্দশা অব্যাহত। কেরলেও সরকার গড়তে পারবে না বাম জোট।
অসমে আবারও হিমন্ত বিশ্বশর্মার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে বলেই ইঙ্গিত ছিল বুথ ফেরত সমীক্ষায়। ১২৬ আসনের মধ্যে ৮৮ থেকে ১০০টি আসন যেতে পারে এনডিএর ঝুলিতে, এমনটাই পূর্বাভাস ছিল। সেই অঙ্ক একেবারে মিলে গিয়েছে। গণনার পর দেখা গিয়েছে, বিজেপি একাই জিতেছে ৮২টি আসন। সবমিলিয়ে এনডিএ জোটের দখলে গিয়েছে ১০২ আসন। কংগ্রেসের দুর্দশা আবারও অব্যাহত অসমে। হাত শিবির মাত্র ১৯টি আসনে জিতেছে। তাদের সঙ্গী রাইজোর দলের দখলে মাত্র ২টি আসন।
অসম
বিজেপি+ ১০২
কংগ্রেস+ ২১
এআইইউডিএফ ২
অন্যান্য ১
কেরলে বাম দুর্গের পতন হতে চলেছে সেটার আভাস ছিল বুথ ফেরত সমীক্ষা থেকেই। বাম জোট এলডিএফের দখলে ৪৯ থেকে ৬২টি আসন যেতে পারে বলে অনুমান ছিল। কিন্তু বাস্তবে বামজোট থামল ৩৫ আসনে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট পেয়েছে ৮৯টি আসন। প্রথমবার কেরলে খাতা খুলেছে বিজেপি। ৩টি আসন গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। পুদুচেরিতে গড় ধরে রেখেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ১৮ আসন গিয়েছে জোটের ঝুলিতে। ৬টি আসন পেয়েছে কংগ্রেসের জোট। প্রথমবার লড়তে নেমে খাতা খুলেছে টিভিকেও। ৩টি আসন জিতেছে থলপতি বিজয়ের দল।
কেরল
ইউডিএফ ৮৯
এলডিএফ ৩৫
বিজেপি+ ৩
অন্যান্য ১৩
পুদুচেরি
এনডিএ+ ১৮
কংগ্রেস+৬
টিভিকে ৩
অন্যান্য ৩
জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে প্রথমবার ভোটের ময়দানে নামা টিভিকে। তামিলভূমে ১০৭টি আসন জিতেছে থলপতি বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৪টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। ইতিমধ্যেই টিভিকের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। আগামী দিনে তামিল রাজনীতিতে মূল চরিত্র হয়ে উঠতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।
তামিলনাড়ু
টিভিকে ১০৭
ডিএমকে+ ৭৪
এআইএডিএমকে+ ৫২
অন্যান্য ১
