shono
Advertisement
Punjab CM Bhagwant Mann

৫ কোটিতে ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়ার 'সেটিং'! পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তুলোধোনা বিজেপির

ধর্ষণ-সহ নানা ধরনের মামলা ধামাচাপা দেওয়ার সিন্ডিকেট চালাচ্ছেন ভগবন্ত মানের স্ত্রী, এমনটাই অভিযোগ।
Published By: Anwesha AdhikaryPosted: 04:30 PM Sep 03, 2026Updated: 04:42 PM Sep 03, 2026

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কিন্তু সেই অভিযোগ ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং! টাকা দিয়ে মামলা সেটিং করছেন, ভগবন্ত মানকে (Punjab CM Bhagwant Mann) নিয়ে এমনই বিস্ফোরক দাবি করল বিজেপি। এমন অভিযোগের সপক্ষে অডিও ক্লিপও প্রকাশ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। কয়েকমাস পরেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। ভোটমুখী রাজ্যে এমন অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন প্রদীপ। সেখানে এক ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি দাবি করেছেন, রাজনৈতিক মহলে যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। বিশেষত ধর্ষণ এবং ফৌজদারি মামলা নিষ্পত্তি করে দিতে পারেন প্রভাব খাটিয়ে। যদিও এই ক্লিপে ভগবন্ত বা তাঁর স্ত্রী গুরপ্রীত কউরের নাম শোনা যায়নি। কিন্তু বিজেপির অভিযোগ, এই ব্যক্তির কথা থেকে ভগবন্তের দিকেই আঙুল ওঠে। গেরুয়া শিবির আরও প্রশ্ন করেছে, মুখ্যমন্ত্রীর বাসভবনে বসেই কি এই লেনদেন হত? অরবিন্দ কেজরিওয়ালকেও কি টাকার ভাগ দেওয়া হত?

উল্লেখ্য, দিনকয়েক আগে গ্রেপ্তার করা হয় পাঞ্জাবের জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গুরবিন্দর সিং চাহালকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অপহরণ করে এক তরুণীকে ধর্ষণ করেছেন। তবে আপাতত তিনি ছাড়া পেয়েছেন। তারপর থেকেই অভিযোগের কেন্দ্রে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁর স্ত্রী নাকি ধর্ষণ-সহ নানা ধরনের মামলা ধামাচাপা দেওয়ার সিন্ডিকেট চালাচ্ছেন। গুরবিন্দরের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খারিজ করতে ৫ কোটি টাকা দাবি করেছে এই সিন্ডিকেট, এমনটাই অভিযোগ।

ইতিমধ্যেই শিরোমণি অকালি দল দেখা করেছে পাঞ্জাবের রাজ্যপালের সঙ্গে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে তারা। অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশনও নোটিস পাঠিয়েছে ভগবন্তের স্ত্রীকে। তবে এতবড় অভিযোগের পরও আপ নেতৃত্বের মুখে কুলুপ। মুখ্যমন্ত্রী বা কেজরিওয়াল কেউই এই নিয়ে কিছু বলেননি। যদিও আপের তরফ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের অভিযোগ, এই অডিও ক্লিপ সাজানো হয়েছে। বরং অভিযুক্ত গুরবিন্দরের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা রয়েছে বলে পালটা তোপ আপের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement