shono
Advertisement
BJP

‘আপনার সাহসের জবাব নেই’, প্রধান বিচারপতিকে জুতো ছোড়ায় অভিযুক্তের প্রশংসায় বিজেপি নেতা, শুরু বিতর্ক

বিজেপি নেতাকে কটাক্ষ করেছে কংগ্রেস।
Published By: Subhodeep MullickPosted: 04:25 PM Oct 08, 2025Updated: 04:25 PM Oct 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। তবে এই ঘটনায় তিনি যে বিন্দুমাত্র অনুতপ্ত নয়, সেকথাও তিনি জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে অভিযুক্তের প্রশংসা করে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি নেতা তথা বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও। বলেন, “আপনার সাহসের জবাব নেই।”

Advertisement

ভাস্কর বলেন, “প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনা আইনত অন্যায় এবং ভয়াবহ। কিন্তু তবুও আমি অভিযুক্তের সাহসের প্রশংসা করি। এই বয়সে দাঁড়িয়ে ঘটনার পরিণতি না ভেবেই সে যে অবস্থান নিয়েছে, সেটিকে কুর্নিশ।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। কংগ্রেস নেতা মনসুর খান ভাস্করকে কটাক্ষ করে বলেন, “বিজেপি নেতার ওই মন্তব্য লজ্জাজনক। আপনি একসময়ে আইনকের রক্ষক ছিলেন। কিন্তু এখন এমন একজনকে সমর্থন করছেন, যে প্রধান বিচারপতিকে অপমান করেছে। কী অধঃপতন!”

সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই আইনজীবী রাকেশে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের।

সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্ত রাকেশ কিশোর ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। রোহিত বলেন, “প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” এদিকে রাকেশকে তদন্তকারী সংস্থা আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য সম্পর্কে আগেই জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি সব ধর্মকে সম্মান করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে।
  • ইতিমধ্যেই অভিযুক্ত ওই আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল।
  • এই পরিস্থিতিতে অভিযুক্তের প্রশংসা করে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি নেতা তথা বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও।
Advertisement