ফের বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। ৮ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি।
আসলে বৃহস্পতিবার জাতীয় 'রচনাত্মক কংগ্রেসে'র জাতীয় সম্মেলন ছিল। সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল। ওই সভাস্থলের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেই বিজেপি দাবি করছে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন রাহুল। ৮ সেকেন্ডের ভিডিও-তে দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীত বাজছে অথচ রাহুল সেসময় মঞ্চে উপস্থিত অন্য নেতাদের সঙ্গে করমর্দন ও খোশগল্পে ব্যস্ত। জাতীয় সঙ্গীতের সম্মানে যে সাবধান মুদ্রায় দাঁড়াতে হয়, সেটা বোধ হয় ভুলেই গিয়েছেন বিরোধী দলনেতা। যদিও ভিডিওটি দেখে মনে হয়েছে রাহুল খেয়াল করেননি যে নেপথ্যে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে। মঞ্চের সঞ্চালক তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন।
ওই ভিডিও পোস্ট করে বিজেপির বক্তব্য, "যে জাতীয় সঙ্গীত নিয়ে আমরা প্রত্যেক ভারতীয় গর্ববোধ করি। যেটা দেশের সম্মান ও অহংকারের প্রতীক। সেই জাতীয় সঙ্গীতের সম্মান প্রত্যেক নাগরিকের কর্তব্য। কিন্তু রাহুল সেটাকেই অপমান করলেন। নিজের দেশবিরোধী আচরণ আবারও প্রমাণ করে দিলেন তিনি।" কংগ্রেসের তরফে এখনও সরকারিভাবে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাহুলের ওই মঞ্চেই আরও একটি বিতর্কিত কাণ্ড ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিরোধী দলনেতা রীতিমতো অভিনয় করে দেখিয়েছেন কীভাবে মোদি বিদেশি রাষ্ট্রনেতাকে জড়িয়ে ধরেন। রাহুল যখন দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরলেন তারপরই দীক্ষিত ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে জড়িয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। সন্দীপ বলেন, "আপনি কি আমাকে মেলোনি ভেবে জড়িয়ে ধরলেন নাকি।'
