প্রেমের চরম পরিণতি! স্কুল থেকে যাওয়ার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন। অভিযুক্ত প্রেমিক। এই ঘটনা বিহারের সমস্তিপুরের। কিশোরীর মায়ের দাবি, আগের দিন মেয়েকে খুনির হুমকি দেওয়া হয়েছিল, তারপরই পরিকল্পনা মতো খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সমস্তিপুরের কাজিয়া গ্রামের ঘটনা। ঘটনাস্থলে চারটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। মৃত্যু হয়েছে উমেশ ঠাকুরের মেয়ে সোনম কুমারীর। সে পুসা রোডের কস্তুরবা বিদ্যালয়ের ছাত্রী। ঘটনাটি সোমবার সকালের। স্কুলে যাওয়ার পথে তার পথ আটকায় বাইক আরোহী দুষ্কৃতী। কিছু বোঝার আগেই গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনামের।
ঘটনা জানাজানি হতেই পরিবার, প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নামে। গ্রামবাসীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান। খবর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে। সোনমের মা সঙ্গীতা দেবীর অভিযোগ, গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছিল মেয়ের। সে-ই খুন করেছে। খুনের আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পুলিশ সুপার অরবিন্দ প্রতাপ সিং আশ্বাস, খুব শিগগির গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে।
