shono
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুরে জওয়ানদের বলিদান অস্বীকার! রাজনাথের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেসের

গত বছর ওই অপারেশন চলাকালীন যে ৬ ভারতীয় সৈনিক শহিদ হয়েছেন, সেটা সদ্য স্বীকার করেছে কেন্দ্র। ওই শহিদ জওয়ানদের মরণোত্তর সম্মানও দেওয়া হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 09:18 PM Jun 30, 2026Updated: 09:27 PM Jun 30, 2026

জাতীয় রাজনীতিতে ফের শিরোনামে অপারেশন সিঁদুর। গত বছর ওই অপারেশন চলাকালীন যে ৬ ভারতীয় সৈনিক শহিদ হয়েছেন, সেটা সদ্য স্বীকার করেছে কেন্দ্র। ওই শহিদ জওয়ানদের মরণোত্তর সম্মানও দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হল গত বছর ওই অভিযানের পর সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বিবৃতি দিয়েছিলেন, তাতে ওই জওয়ানদের আত্মবলিদানের কথা উল্লেখ ছিল না। বরং তিনি সংসদে যে বিবৃতি দেন, তাতে সাফ বলা ছিল ওই অপারেশনে ভারতের কোনও জওয়ান শহিদ হননি। রাজনাথের ওই 'মিথ্যাচার' প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ কংগ্রেস।

Advertisement

কংগ্রেসের তরফে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হচ্ছে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল নিজে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে ‘মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত’ করার অভিযোগ তুলেছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে বেণুগোপাল নিজে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। ফলে তাঁর আনা অভিযোগের গুরুত্ব আরও বেড়ে যায়।

অপারেশন সিঁদুর। ফাইল ছবি।

বেণুগোপালের অভিযোগ, গত বছর ২৮ জুলাই লোকসভায় পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পালটা হিসাবে শুরু হওয়া অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট বলে দেন, এই অভিযানে ভারতীয় বাহিনীর কোনও ক্ষতি হয়নি বা কেউ শহিদ হননি। রাজনাথের সেই বক্তব্যের রেকর্ড নিজের অভিযোগপত্রে জুড়ে দিয়েছেন বেনুগোপাল। তাঁর বক্তব্য, রাজনাথ যে সংসদে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়েছেন সেটা ভারত সরকারের দেওয়া তথ্যেই প্রমাণিত। সরকারই মেনে নিয়েছে যে অপারেশন সিঁদুরে ৬ জন জওয়ান শহিদ হয়েছেন। জানা গিয়েছে প্রয়াতদের মধ্যে রয়েছেন সেনার পাঁচ সদস্য- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক ও হাবিলদার সুনীল কুমার সিং। ষষ্ঠ শহিদের নাম সুরেন্দ্র কুমার। তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট। নামগুলি ওয়েবসাইটের ২০২৫ শাখার অন্তর্তগত ৩ডি ওয়ালে দেখা যাচ্ছে।

ওই তথ্য প্রকাশ্যে আসার পরই অবশ্য কংগ্রেসে রাজনাথের ওই পুরনো বক্তব্য নিয়ে সরব। যদিও প্রতিরক্ষামন্ত্রী নিজে ওই অভিযোগকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তিনি বলছেন, সংসদে তাঁর যে বক্তব্যের কথা বলা হচ্ছে, সেটা অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement