shono
Advertisement

Breaking News

বাড়ির সামনে পোষ্যের শৌচকর্ম, প্রতিবাদী মহিলার উপর পিটবুল ছেড়ে দিল যুবক

সারমেয়র কামড়ে ক্ষতবিক্ষত মহিলা ভর্তি হাসপাতালে।
Posted: 01:12 PM Nov 05, 2023Updated: 01:12 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচকর্ম করাতে প্রতিবেশী প্রতিদিন বাড়ির সামনে নিয়ে আসে পোষ্যকে। ওই কাজ বন্ধ করতে বারবার অনুরোধ করেছেন। তাতে কান দেননি। প্রতিবাদ করে পোষ্য পিটবুলের কামড়ে ক্ষতবিক্ষত মহিলা। হাসপাতালে ভর্তি তিনি। নৃশংস ঘটনার সাক্ষী দিল্লির স্বরূপনগর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রিয়া দেবী নামে ওই মহিলাটি দীর্ঘদিন ধরে দিল্লির স্বরূপনগরে থাকেন। অভিযোগ, প্রতিবেশী যুবক পোষ্য পিটবুলকে তাঁর বাড়ির সামনে শৌচকর্ম করাতে নিয়ে আসেন। বারবার বারণ করেছেন মহিলা। তাতে লাভ কিছুই হয়নি। গত ৩ নভেম্বর মহিলা নিজের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখছিলেন। তিনি দেখেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বাড়ির সামনে পোষ্যকে শৌচকর্ম করাতে নিয়ে এসেছেন প্রতিবেশী। এর পর ওই প্রতিবেশীর বাড়ির সামনে যান রিয়া দেবী। কেন পোষ্যকে তাঁর বাড়ির সামনে শৌচকর্ম করানো হচ্ছে, সে প্রশ্ন করেন। প্রায় তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, প্রতিবেশী যুবক ধাক্কা দিয়ে মহিলাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে।

[আরও পড়ুন: লোকসভায় ভালো ফলের আশা নেই! ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে ‘দিশাহীন’ আলিমুদ্দিন]

পিটবুলটি ছাড়াই ছিল। আচমকা পোষ্য সারমেয় ওই মহিলার গায়ে ঝাঁপিয়ে পড়ে। মুখ, হাত-সহ শরীরের বিভিন্ন জায়গায় কামড় বসাতে থাকে সারমেয়। যন্ত্রণা, আতঙ্কে চিৎকার করতে থাকেন মহিলা। অন্যান্যরা জড়ো হয়ে যান। সকলেই পিটবুলের কবল থেকে তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। তবে প্রতিবেশীর তাতেই কিছুই যায় আসে না। অভিযোগ, রিয়া দেবীর উপর পোষ্যকে লেলিয়ে দেয় ওই প্রতিবেশী যুবক। বেশ কিছুক্ষণ পর সারমেয়টিকে সরিয়ে নিয়ে যান তিনি। সারমেয়র কামড়ে ক্ষতবিক্ষত মহিলা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি রয়েছেন তিনি। ওই প্রতিবেশীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আগাম জামিন নিয়েছেন ওই যুবক।

[আরও পড়ুন: ইডেনে টিকিটের কালোবাজারি, এবার সরাসরি BCCI সভাপতি রজার বিনিকে নোটিস পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement