shono
Advertisement

Breaking News

SIM cards

একজনের নামে ক'টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম

সীমা পেরিয়ে গেলেই করা হবে পদক্ষেপ। আর কী জানাচ্ছে কেন্দ্র?
Published By: Biswadip DeyPosted: 11:18 PM Aug 20, 2026Updated: 11:18 PM Aug 20, 2026

একজন সর্বোচ্চ ক'টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এব্যাপারে কেন্দ্র নয়া পদক্ষেপ করতে চলেছে। আরও বেশি কড়া হচ্ছে মোদি সরকার। সীমা পেরিয়ে গেলেই করা হবে পদক্ষেপ। আগামী ২৪ অগস্ট থেকেই লাগু হয়ে যাবে নয়া নিয়ম।

Advertisement

টেলিকম দপ্তর তথা ডটের নির্দেশিকায় জানানো হয়েছে, কেউ নতুন সিম নিতে চাইলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে যাচাই করে নিতে হবে, ইতিমধ্যেই ওই ব্যবহারকারীর নামে ক'টি সিম কার্ড ইস্যু করা হয়েছে। নিয়ম অনুযায়ী, একজনের সর্বোচ্চ ৯টি সিম থাকতে পারে। তবে জম্মু ও কাশ্মীর, অসম কিংবা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সংখ্যা ৬। তবে এই সীমা কিন্তু নতুন নয়। এই নিয়ম লাগু হওয়ার পর কেটে গিয়েছে একদশকেরও বেশি সময়। কিন্তু এবার এই নিয়ম নিয়ে আরও কড়া হচ্ছে কেন্দ্র।

এবার থেকে নতুন সিম সংযোগ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে যাচাই করে নিতে হবে ওই ইউজারের সিম সংযোগের সংখ্যা। বলে রাখা ভালো, এই সীমা কার্যকর করার লক্ষ্যে, টেলিযোগাযোগ অপারেটরদের সরকারের ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই করতে হবে। বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানির দেওয়া গ্রাহক-সংক্রান্ত তথ্য এই ব্যবস্থায় একত্রিত করা হয়েছে। এর ফলে কোনও ব্যক্তি তাঁর নামে অনুমোদিত নির্দিষ্ট সংখ্যক সংযোগের কোটা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন কি না, তা অপারেটররা যাচাই করতে পারবেন। টেলিকম কোম্পানিগুলিকে ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’-এর সঙ্গে তাদের কার্যক্রম সমন্বয় ও সুবিন্যস্ত করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, DoT এই প্ল্যাটফর্মে ছবিভিত্তিক শনাক্তকরণ সুবিধাও চালু করছে। আগামী ২৩ আগস্ট থেকে, যেসব গ্রাহক ইতিমধ্যে সিমের নির্ধারিত সীমা পূর্ণ করে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে একটি নির্দেশক ছবি প্রদর্শিত হবে।

কিন্তু যদি কোনও কারণে নির্ধারিত সীমার বেশি সিম চালু হয়ে যায়? টেলিকম সংস্থাগুলি প্রয়োজনীয় পরিবর্তন না করা পর্যন্ত সরকার একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া নির্ধারণ করেছে। জানা যাচ্চে, সেক্ষেত্রে নির্ধারিত সীমার অতিরিক্ত কোনও মোবাইল সংযোগ চালু করা হলে সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত তা তাৎক্ষণিকভাবে একদিনের জন্য স্থগিত করে দেওয়া হতে পারে। জানানো হয়েছে, এই নির্দেশিকার লক্ষ্যই হল গ্রাহকরা যাতে নির্ধারিত সীমার মধ্যেই মোবাইল সংযোগ ব্যবহার করেন তা নিশ্চিত করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement