সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ বা জাতি গড়ে উঠবে কার হাতে? গড়ে তোলার দায়িত্বই বা কার? অতীতে যা ছিল রাজার এখন কি সে দায়িত্ব শুধু প্রশাসনের বা নেতাদের? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়ে দিলেন, না, তা হতে পারে না। এ দেশে গড়ে উঠবে সাধারণ মানুষের কঠোর পরিশ্রমেই।
[ “আইন করলেও মুসলিমরা শুধু শরিয়তই মানবে” ]
ভোটকেন্দ্রিক গণতন্ত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ যেন নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই ফুরিয়ে যায়। বাকি দায়িত্ব যেন বর্তায় প্রশাসন বা নেতাদের হাতেই। কিন্তু চলতি এই বদ্ধমূল ধারণাকেই ভাঙতে চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার গুজরাটে তিনি জানালেন, সাধারণ মানুষের অংশগ্রহণেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে মানুষ চেয়েছে প্রশাসন তাঁদের জন্য কিছু করুক। কিন্তু তা কখনও আমাদের দেশের ঐতিহ্য ছিল না। দেশের উন্নয়নে অংশ নিতে হবে সাধারণ মানুষকে। কারণ রাজা-নেতা বা প্রশাসন নয়, দেশ গড়ে ওঠে সাধারণ মানুষের কঠোর শ্রমে ও অংশগ্রহণে। সম্মিলিত সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের দেশ উৎকর্ষতার শীর্ষে পৌঁছাতে পারে বলে এদিন বার্তা দেন প্রধানমন্ত্রী।
[ “মুসলিম নই, তবু আজান শুনে জাগতে হবে কেন?” ]
তিনি জানান, এতদিন প্রশাসনের থেকেই প্রত্যাশা ছিল। কিন্তু এখন আমরা এমন একটা যুগের দিকে এগোচ্ছি, যেখানে এই ব্যাপারটা কমেছে। এখন সাধারণ মানুষ সক্রিয়ভাবে উন্নয়নে অংশ নিচ্ছেন। দেশের ভালর জন্য কিছু করতে এগিয়ে আসছেন। এই প্রয়াসকেই সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী। উন্নয়নে মানুষের অংশগ্রহণের নমুনা দেখিয়ে তিনি ধর্মশালা, গো-শালা, পাঠাগারের উল্লেখ করেন। তাঁর দাবি, প্রশাসন নয়, সাধারণ মানুষই মানুষের স্বার্থে এগুলি গড়ে তুলেছেন। আর তাই সম্মিলিত সামাজিক দায়িত্ববোধে দেশের উন্নয়নে শামিল হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী।
The post ‘রাজা-নেতা নয়, দেশ গড়ে উঠবে সাধারণ মানুষের হাতেই’ appeared first on Sangbad Pratidin.
