shono
Advertisement

Breaking News

Iran USA war

হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের 'ভয়ংকর হামলা'র পরই সংযত থাকার বার্তা ভারতের

সংঘর্ষ বাঁধতেই শেয়ার বাজারে ধস নেমেছে। বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। তার জেরে ভারতের ভোগান্তি ফের বাড়বে। কেন্দ্র সেটা কোনওমতেই চায় না।
Published By: Anwesha AdhikaryPosted: 10:15 PM Jul 08, 2026Updated: 10:15 PM Jul 08, 2026

যুদ্ধবিরতি শেষ। মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা সংঘাত ফের শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। এহেন পরিস্থিতিতে দুপক্ষকেই সংযত থাকতে অনুরোধ করল ভারত। যুদ্ধের শুরু থেকেই নয়াদিল্লির অবস্থান ছিল, দুই দেশ যেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সরাসরি প্রভাব পড়ে ভারতে। নাভিশ্বাস ওঠে আমজনতার। তাই ইরান-আমেরিকা যুদ্ধ ফের শুরু হলে ভারতের সমস্যাও বাড়বে।

Advertisement

শান্তিচুক্তি ভেঙে হরমুজ প্রণালীতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার এবং মঙ্গলবার তিনটি জাহাজে তারা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ। এর জেরেই ক্ষুব্ধ আমেরিকা ধারাবাহিক আক্রমণ শুরু করে ইরানে। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য চলাকালীনই সিরিক, কেশম, বন্দর আব্বাসের মতো এলাকায় হামলা চালায় মার্কিন সেনা। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের প্রায় ৮০টি স্থানে সামরিক অভিযান চালিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করে তেহরান।

এরপরই বড়সড় হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “গত রাতে আমরা ওদের উপর ভয়ংকর হামলা চালিয়েছে । খুবই ভয়ংকর হামলা ছিল। সম্ভবত আজ রাতেও ফের ভয়ংকর হামলা চালাব। আমি ওদের একটু সতর্ক করে দেব। আজ রাতে ওদের ওপর জোর আঘাত হানব।” এই হুমকির পরই বাড়ছে আতঙ্ক। আবারও যুদ্ধ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেই আবহেই বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'পশ্চিম এশিয়ায় যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে ভারত খুবই চিন্তিত। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর হামলা হচ্ছে। তার ফলে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ভারত চায় সবপক্ষ যেন সংযত থাকে, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা এবং অবাধে জাহাজ চলাচল যেন সুনিশ্চিত হয়। সকলকে অনুরোধ, আলাপ-আলোচনার মাধ্যমে যেন দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা হয়।' উল্লেখ্য, সংঘর্ষ বাঁধতেই শেয়ার বাজারে ধস নেমেছে। বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। তার জেরে ভারতের ভোগান্তি ফের বাড়বে। কেন্দ্র সেটা কোনওমতেই চায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement