shono
Advertisement
Rafale Fighter Jet

সিঁদুরের সময় রাফালে ধ্বংস করেছে পাকিস্তান! ইসলামাবাদের মিথ্যাচার ফাঁস করল বায়ুসেনার নথি

ফের মুখ পুড়ল পাকিস্তানের! তাদের ভুয়ো দাবি ধরা পড়ে গেল।
Published By: Biswadip DeyPosted: 05:36 PM Jun 23, 2026Updated: 07:24 PM Jun 23, 2026

অপারেশন সিঁদুরের সময় একাধিক রাফালে যুদ্ধবিমান (Rafale Fighter Jet) গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করে এসেছে পাকিস্তান! বারবার করা সেই দাবিকে আবারও ভুল প্রমাণ করল বায়ুসেনার এক সরকারি নথি। এই নথিতে বর্তমানে পরিষেবায় থাকা ৩৬টি রাফালের সব ক'টির জন্য 'ব্রিজ সাপোর্ট' বা অন্তর্বর্তীকালীন সহায়তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। যা প্রমাণ করে দিচ্ছে, একটি রাফালেও ধ্বংস করতে পারেনি পাকিস্তান।

Advertisement

জুন মাসে বায়ুসেনার সদর দপ্তর থেকে এক প্রস্তাব আহ্বানের বিজ্ঞপ্তি করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এতে ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য পাঁচ মাস মেয়াদি একটি ‘ব্রিজ সাপোর্ট প্যাকেজ’ বা অন্তর্বর্তীকালীন সহায়তা ব্যবস্থার বিষয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যক রাফালেই ফ্রান্স থেকে কেনা হয়েছিল। ফলে ধোপে টিকল না পাকিস্তানের দাবি। তাদের মিথ্যাচার ফাঁস হয়ে গেল আরও একবার।
গত বছরের শেষে পাকিস্তানের জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি কমান্ডার জাকিস লাউনে নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরের সময় আকাশে পাকিস্তানের দাপট। তিনি নাকি আরও বলেন, পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি তৈরি ছিল। যদিও এই খবর যে সম্পূর্ণ ভুয়ো, তা পরিষ্কার করে দেয় ফরাসি সেনা। অপারেশন সিঁদুর চলাকালীন রাফালে যুদ্ধবিমান নিয়ে ভুয়ো প্রচার চালিয়েছিল চিনও! এবার প্রমাণ হল, সব দাবিই মিথ্যে। পাকিস্তান একটিও রাফালে ধ্বংস করে উঠতে পারেনি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ৮৮ ঘণ্টার অপারেশনে দুরমুশ হয়ে গিয়েছিল সন্ত্রাসের আঁতুড়ঘর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement